নির্বাচন কমিশন শক্তিশালী করলেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দরকার আছে। যে দল জিতছে, তারা বলেছে আগের তত্ত্বাবধায়ক সরকার ভালো ছিল। যারা হেরে যাচ্ছে, তারা বলেছে খারাপ ছিল। কিন্তু বাইরে যে যা-ই বলুক, ভেতরে ভেতরে এরা সবাই জানে, তত্ত্বাবধায়ক সরকার ভালো কাজই করেছে।’গতকাল বুধবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল বৈঠকে সাবেক এই উপদেষ্টা এ কথা বলেন। ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে করণীয়’ শীর্ষক ওই বৈঠক জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।ড. আকবর আলি খান প্রশ্ন রেখে বলেন, ‘বর্তমান সরকারেও ১০ শতাংশ অনির্বাচিত মন্ত্রী আছেন। তত্ত্বাবধায়ক সরকার যদি অবৈধ হয়, তাহলে এটি হালাল হয় কীভাবে?’ তিনি বলেন, আদালত আরও দুই টার্ম তত্ত্বাবধায়ক সরকার রাখার কথা বলেছেন, কিন্তু তার আগেই কেন এটা তুলে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন দিয়ে সূক্ষ্ম কারচুপির নির্বাচন ঠেকানো যেতে পারে, তবে স্থুল কারচুপি রোধে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখতেই হবে।’ড. আকবর আলি খান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আইনি বিষয় নয়, সামাজিক চুক্তি। এই চুক্তিকে এক পক্ষের নস্যাৎ করার উপায় নেই।’ তিনি আরও বলেন, ‘রাজনীতিকেরা আমলাদের এমনভাবে রাজনীতিকরণ করেছেন যে তাঁদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, ‘আগামী সংসদ নির্বাচন ঘিরে নানা সমস্যা তৈরি হয়েছে। মাঠ এখন উত্তপ্ত। আমরা যারা সচেতন নাগরিক, তারা আজ এ ব্যাপারে কথা বলার তাগিদ অনুভব করছি। সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা জরুরি।’ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন কোন পথে তা ভাবার আগে ভাবা প্রয়োজন, রাজনীতি এখন কোন পথে?’ রাজনীতি এখন বুড়িগঙ্গার পানির মতো দখল ও দূষণে আক্রান্ত বলে তিনি উল্লেখ করেন।কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ৩৫ শতাংশ জনগণের মতামত ও ৬৫ শতাংশ বিদেশি শক্তির মতামত নিলে দেশে বেসামরিক স্বৈরতন্ত্র প্রতিরোধ করা যাবে না।সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বৈঠকে প্রবন্ধ পড়ে শোনান। এতে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আরও দুই টার্মের জন্য পরিবর্তিত রূপে হলেও ফিরিয়ে আনতে হবে। যাঁরা বলেন নির্বাচন কমিশন শক্তিশালী করলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, তাঁরা বিভ্রান্তি ছড়াচ্ছেন। কারণ, নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে নির্বাচন কমিশন একটি পক্ষ মাত্র।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘রাজপথে লগি-বৈঠা নিয়ে বিএনপি-আওয়ামী লীগের মারামারির কারণেই ফখরুদ্দীন আহমদের সরকার এসেছিল। এবারও রাজনীতি যে সংঘাতের দিকে যাচ্ছে, তাতে আরেকটি এক-এগারোর পরিস্থিতি না হলে অবাক হব।’বৈঠকে অধ্যাপক কামাল আতাউর রহমান, সাংবাদিক মনির হায়দার প্রমুখ বক্তব্য দেন।