নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার l ছবি: ফোকাস বাংলা

নির্বাচন কমিশন একটি স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং এটি সম্পূর্ণ স্বাধীনভাবেই কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সিদ্ধান্ত গ্রহণের সর্বক্ষেত্রে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবেই কাজ করছে।’

ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত নির্বাচন কমিশনের স্মার্ট কার্ড প্রকল্পের প্রশংসা করে বলেন, এ প্রকল্প ফরাসি প্রতিষ্ঠান ওবের্থার টেকনোলজিসের (ওটি) সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এটি যথাযথভাবে সম্পন্ন করার জন্য সোফি প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, তাঁর দেশের সরকার রাজনৈতিকভাবেই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই প্রকল্প দ্রুত সম্পন্ন করতে সব রকম সহযোগিতা অব্যাহত রেখেছে।

এ সময় প্রধানমন্ত্রী ওই কোম্পানি যথাযথ মান অক্ষুণ্ন রেখে যথাসময়ে এই প্রকল্পের কাজ শেষ করতে পারবে এমন আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত ফরাসি প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া স্পেসের সহযোগিতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলায়ও সন্তোষ প্রকাশ করেন। বৈঠকের শুরুতে ফরাসি রাষ্ট্রদূত ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপের একটি চিঠি শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

চিঠিতে ফরাসি প্রধানমন্ত্রী বলেন, ২০১৭ সালে তাঁরা বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বর্ষ উদ্‌যাপন করছেন। তাঁর আশা, পারস্পরিক সহযোগিতা অব্যাহত রেখে বিশেষ কিছু ক্ষেত্র যেমন জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন জোরদারকরণে দুই দেশ সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করতে সক্ষম হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ফরাসিদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ফ্রান্সের বর্তমান সরকারের তরুণ নেতৃত্বকে স্বাগত জানান। এ বছরের অক্টোবরের শেষ নাগাদ ইউনেসকোর একটি অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।