নির্বাচন কমিশন সরকারের চক্রান্তের সঙ্গে: রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনএফ নামের সংগঠনটি বিএনপির প্রতীকের মতো প্রতীক, লোগো এবং জিয়াউর রহমানের ছবি ব্যবহার করছে। সারা দেশে এই সংগঠনের কোনো অস্তিত্ব না থাকলেও তাদের নিবন্ধন দিতে নির্বাচন কমিশন সরকারের চক্রান্তের সঙ্গে নিজেদের যুক্ত করেছে।
আজ বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
বিএনপিকে নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করতে বিএনএফ নামের একটি ‘ভুঁইফোড়’ সংগঠনকে নিবন্ধন দিতে সরকার ও নির্বাচন কমিশন উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেন রিজভী।
বিএনএফকে নিবন্ধন দেওয়ার উদ্যোগ থেকে সরে আসতে কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, অন্যথায় তাঁরা নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।
নির্বাচন কমিশনের উদ্দেশে রিজভী বলেন, ‘একটি নামগোত্রহীন উচ্ছিষ্ট আগাছাদের নিয়ে নির্বাচন কমিশন মনোযোগ দিলে নির্বাচন কমিশনের সঙ্গে বিরোধী দলের আলোচনা করার সুযোগ থাকবে না। এটি তাদের জন্য বাড়া ভাতে ছাইয়ের মতো অবস্থা হবে।’
বিএনএফকে নিবন্ধন দেওয়ার উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বিএনপিকে ধ্বংস করতে সরকারের অশুভ পরিকল্পনার অংশীদার হলে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবির পাশাপাশি নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
রিজভী দাবি করেন, সারা দেশে তদন্ত চালিয়ে বিএনএফের কোনো অস্তিত্ব না পেয়ে কমিশন মাঠপর্যায়ের কর্মকর্তাদের ওপর ক্ষিপ্ত হয়েছে। ১৫ দিনের মধ্যে নতুন তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি বলেন, এতে প্রমাণ হয় বিএনপির সমান্তরালে একই ধরনের আরেকটি সংগঠনের কাল্পনিক অস্তিত্ব সৃষ্টি করে জনমনে বিভ্রান্তি তৈরির সরকারি চেষ্টায় অংশীদার হয়েছে কমিশন।
এর আগে ১১ জুলাই দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার নির্বাচন কমিশনে গিয়ে এ বিষয়ে আপত্তি জানান।