নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। কমিশনকে আরও শক্তিশালী করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার নির্বাচন কমিশনের কাজে কখনোই হস্তক্ষেপ করে না। বাসস।বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার স্টিফেন ইভান্স গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে সাংবাদিকদের এসব কথা জানান। শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের আমলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সংসদীয় আসনে উপনির্বাচন, পৌরসভা নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশে ও আন্তর্জাতিকভাবে এসব নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে। তিনি বলেন, সরকার ব্যক্তিগতভাবে জনগণের স্বাধীন ভোটাধিকারে বিশ্বাস করে।স্টিফেন ইভান্স বলেন, বাংলাদেশের গণতন্ত্র জোরদার এবং অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে কোনোভাবেই তাঁর সরকার প্রশ্রয় দেবে না। দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় তাঁর সরকারের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, তাঁরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক স্থাপনে বিশ্বাসী। শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।বেসরকারি খাতকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে দেশে শিল্প-কারখানা গড়ে তুলে অর্থনৈতিক উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৯৬-০১ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বেসরকারি খাতকে গুরুত্ব দিয়ে টেলিভিশন, টেলিফোন, বিদ্যুৎ ও বিভিন্ন খাতকে বেসরকারি খাতে দেওয়া হয়েছিল।শেখ হাসিনা বলেন, খাদ্য ও সামাজিক নিরাপত্তা গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে। এ ছাড়া মংলা বন্দরকে সচল রাখার জন্য সারা বছর ড্রেজিং করা হচ্ছে।প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।শিল্পী আবদুল আলীমের স্ত্রীকে সহায়তার আশ্বাস: মরমি কণ্ঠশিল্পী মরহুম আবদুল আলীমের স্ত্রীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী। গতকাল আবদুুল আলীমের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি সমস্যার কথা শোনেন এবং চিকিৎসা সহায়তা দেওয়ার আশ্বাস দেন।