নির্বাচন কমিশনকে ‘অবৈধ’ সরকারের অভিন্ন ‘ঝাঁকের কৈ’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, কমিশন সংবিধানসম্মত স্বাধীন সত্তাকে অগ্রাহ্য করে নির্বাহী বিভাগের ‘হুকুমের একান্ত ভৃত্যে’ পরিণত হয়েছে। তারা উপজেলা পরিষদ নির্বাচনে সরকারদলীয় প্রার্থীদের জয়ী করতে কাজ করছে।
গতকাল শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
চতুর্থ পর্বে আগামীকাল রোববার ৯২টি উপজেলায় নির্বাচন হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে গত দুই দিনে বিএনপি মাঠ পর্যায়ের ১০ জন নেতাকে বহিষ্কার করেছে।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, তৃতীয় পর্বের নির্বাচনে সহিংসতায় উৎসাহী হয়ে আওয়ামী লীগের ক্যাডাররা চতুর্থ ধাপের নির্বাচনে শক্তির মহড়া দিচ্ছে। এতে ভোটাররা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গণতন্ত্র ও ভোটাধিকারের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার।
রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন। ‘নির্বাচন শান্তিপূর্ণ করতে অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে’ বলে সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যা বলেন তাই হয়, তবে তা উল্টোভাবে। তিনি নিরস্ত্রদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছেন, অস্ত্রধারীদের নয়।’
তিনজনকে প্রার্থী ঘোষণা ও ১০ জনকে বহিষ্কার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম তালুকদার, হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শেখ বশির আহম্মেদ ও ময়মনসিংহের গফরগাঁওয়ে মো. মুশফিকুর রহমানকে একক প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে ১০ জন নেতাকে বহিষ্কার এবং রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বহিষ্কার হওয়া নেতারা হলেন: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের (সিলেট), কালিহাতী উপজেলা বিএনপির সহসভাপতি শুকুর মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নেতা সানোয়ার হোসেন, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার যুগ্ম আহ্বায়ক বদরুল আলম, গাজীপুর জেলা শাখার উপদেষ্টা মো. আবদুল লতিফ, লালমনিরহাট জেলার সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন, সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার নেতা কামরুজ্জামান, ফেনীর সোনাগাজী উপজেলার নেতা আলমগীর হোসেন চৌধুরী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা মহিলা দলের নেতা ফারহানা আক্তার।
সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধন: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেয় করতে কোনো নিয়ম না মেনেই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির নেতারা। তাঁরা আশা প্রকাশ করেন, উচ্চ আদালতে এ অভিযোগ গঠনের আদেশ খারিজ হয়ে যাবে।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপিপন্থী পেশাজীবীদের সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিএনপির নেতারা এসব কথা বলেন। খালেদা জিয়া, তারেক রহমানসহ নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।
একই দিন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।