বর্তমান নির্বাচন কমিশন (ইসি) এখন পর্যন্ত এমন কোনো কাজ করেনি, যাতে জনগণ ও রাজনৈতিক দলের আস্থা অর্জিত হয়। কাজেই নির্বাচন কমিশনের উচিত ভাবমূর্তির এই সংকট দূর করে বিরোধী দলসহ জনগণের আস্থা অর্জন করা। সেটি না হলে কমিশনের পক্ষে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।আগারগাঁওয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) মিলনায়তনে গতকাল বুধবার আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেছেন গণমাধ্যমের জ্যেষ্ঠ ব্যক্তিরা। ছবিসহ হালনাগাদ ভোটার তালিকা ও সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ইসি এই সংলাপের আয়োজন করে। সংলাপে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা অংশ নেন।গণমাধ্যম প্রতিনিধিদের পরামর্শের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, ‘পরামর্শগুলো আমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।’ সভায় মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বর্তমান নির্বাচন কমিশনের ভাবমূর্তি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘আপনাদের ইমেজ প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ। আপনারা এরই মধ্যে সেনা মোতায়েন নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। প্রধান বিরোধী দলের সঙ্গে আলোচনা করা এখন কঠিন। আর বিএনপিকে উপেক্ষা করে নির্বাচন সম্ভব নয়।’রাজনৈতিক দল ও জনগণের আস্থা তৈরির তাগিদ দিয়ে মতিউর রহমান বলেন, ‘ইমেজ যদি ভালো না হয়, ভালো নির্বাচন সম্ভব নয়।’চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘বিএনপির সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো না। তাদের সঙ্গে সুসম্পর্ক বাড়ান ও সমঝোতা করুন। নইলে নির্বাচন হবে না।’ সংসদীয় সীমানা পুনর্নির্ধারণে ঢাকার নির্বাচনী আসনসংখ্যা না বাড়ানোরও সুপারিশ করেন তিনি। বর্তমান ইসির সমন্বয়হীনতার কথা তুলে ধরেন বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সংলাপে বসে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিন। তা না হলে আপনারা বেকায়দায় পড়বেন, তার চেয়ে বেশি বেকায়দায় পড়বে দেশ।’বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, নয়াদিগন্ত-এর সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, সমকাল-এর যুগ্ম সম্পাদক রাশীদ উন নবী, এটিএন বাংলার বার্তাপ্রধান জ ই মামুন, দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান প্রমুখ সংলাপে অংশ নেন।পরামর্শগুলো মনে রাখবে ইসি: গণমাধ্যম প্রতিনিধিদের এ পরামর্শের পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, ‘আপনারা যেসব পরামর্শ দিলেন, তা আমরা বিবেচনা করব।’ দশম জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা ইসির নেই বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে তিনি বলেন, খবরটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ‘নির্বাচনের সময় অবস্থা দেখে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব, যাতে জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে।’ সিইসি জানান, সীমানা নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসবে ইসি। কাজী রকিব উদ্দীন আরও বলেন, ‘আমরা সবাইকে খুশি করতে পারব না। কেউ না কেউ মনঃক্ষুণ্ন হবে। কিন্তু আমরা সব কাজ আইন অনুসারে করব।’নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ ও ইসির সচিব মোহাম্মদ সাদিক এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।