নির্বাচন কমিশনকে দুর্বল করার পক্ষে সিইসির খোঁড়াযুক্তি

জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিলের নিজস্ব ক্ষমতাকে অর্থহীন বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ। প্রার্থিতা বাতিলসংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১ই ধারা বাতিলের পক্ষে সাফাই গেয়ে তিনি এই মন্তব্য করেন।
২০০৮ সালে এই ধারাটি আরপিওতে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে নির্বাচনের চিরাচরিত দৃশ্যপট বদলে যায়। কারণ, এই বিধির ফলে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া কমেছে। সভা-সমাবেশ ও মাইকের ব্যবহার, তোরণ নির্মাণ, দেয়াললিখন, রঙিন পোস্টার ও বিলবোর্ড সাঁটানো বন্ধ হয়েছে। কমেছে নির্বাচনের দৃশ্যমান ব্যয়। ভোট গ্রহণ কর্মকর্তাদের নাজেহাল, নির্বাচনী প্রচারণায় ধর্মের ব্যবহার, কালোটাকা ছড়ানো, যানবাহনের অনিয়ন্ত্রিত ব্যবহার, চাঁদা, অনুদান গ্রহণ ইত্যাদি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফলে নির্বাচনী সংঘর্ষের মতো রক্তক্ষয়ী ঘটনাও কমে এসেছিল। কারণ, আরপিওর এই ধারা প্রয়োগ করে নির্বাচন কমিশন যেকোনো বেয়াড়া প্রার্থীকে নির্বাচন থেকে সরিয়ে দিতে পারত।
এই ধারাটি বাতিল হলে নির্বাচন কমিশন আর কারও প্রার্থিতা বাতিল করতে পারবে না। ফলে আচরণবিধি মানানোর ক্ষেত্রে কমিশন কার্যত কর্তৃত্ব হারাবে। ফলে নির্বাচনে চিরাচরিত বিশৃঙ্খলা আবার ফিরে আসার আশঙ্কা দেখা দেবে।
গতকাল মঙ্গলবার সিইসি সাংবাদিকদের বলেন, আরপিওর এই ৯১ই ধারাটি ১৯ ধারার সঙ্গে সাংঘর্ষিক। সে জন্য এটি বাতিলের প্রস্তাব করা হয়েছে।
তবে বিশেষজ্ঞ ও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তারা বলেছেন, ইসি বিশেষ কোনো মহলের চাপে আরপিও থেকে বিধানটি বাদ দিচ্ছে। তাঁদের মতে, ৯১ই ধারা যতটা না সাংঘর্ষিক, তার চেয়ে বেশি সাংঘর্ষিক কমিশনের সিদ্ধান্ত। কারণ, বর্তমান কমিশন মাত্র পাঁচ মাস আগে (৫ মার্চ) উপজেলা নির্বাচন পরিচালনা বিধি সংশোধন করে তাতে প্রার্থিতা বাতিলের ক্ষমতা অন্তর্ভুক্ত করেছে। অন্যান্য স্থানীয় সরকারের নির্বাচন পরিচালনা বিধিতেও একই বিধান রয়েছে।
কমিশন সচিবালয়ের মাঠ কর্মকর্তারা জানান, ২০০৮ সালের আগের বিভিন্ন নির্বাচনে প্রার্থীদের হাতে প্রিসাইডিং কর্মকর্তা, এমনকি ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে। ৯১ই ধারা প্রবর্তনের পর প্রার্থিতা বাতিলের ভয়ে প্রার্থীদের মধ্যে আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা কমে যায়। যে কারণে ২০০৮-এর পর অনুষ্ঠিত নির্বাচনগুলো শান্তিপূর্ণ হয়েছে। এখন ধারাটি বাতিল করা হলে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বেড়ে যাবে এবং নির্বাচন সুষ্ঠু করা দুরূহ হবে।
এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার মনে হয় না কমিশন নিজেদের বুদ্ধিতে এসব কাজ করছে। নিশ্চয় কোথাও থেকে কেউ চাপ দিচ্ছে। সে জন্য তারা সব কাজ ফেলে রেখে ইসির প্রার্থিতা বাতিলের ক্ষমতা বিলোপের জন্য উঠেপড়ে লেগেছে। তাদের এ সিদ্ধান্ত অগ্রহণযোগ্য।’
গতকাল কমিশন মিলনায়তনে সিইসি কাজী রকিব উদ্দীন আরপিও থেকে ৯১ই ধারা বাতিলের সুপারিশের বিষয়ে ব্যাখ্যা দেন। এ সময় চার নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও মোহাম্মদ শাহনেওয়াজ এবং ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সিইসি বলেন, ৯১ই ধারা অনুযায়ী, কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ প্রমাণিত হলে তাঁর প্রার্থিতা বাতিল করা যাবে। সে ক্ষেত্রে অন্য প্রার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একজনের প্রার্থিতা বাতিলের ফলে যদি একজন বৈধ প্রার্থী অবশিষ্ট থাকেন, তবে সেই আসনে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুনরায় তফসিল ঘোষণা করতে হবে। এ বিধান স্ববিরোধী। কারণ, পুনরায় তফসিল ঘোষণা করলে প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থী আবারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
সিইসি বলেন, তা ছাড়া প্রথমবার ঘোষিত তফসিলে যিনি বৈধ প্রার্থী, দ্বিতীয়বার তফসিল ঘোষণা করা হলে বিষয়টি তাঁর জন্য বিনা অপরাধে গুরুদণ্ড হয়ে যায়। দ্বিতীয়বার প্রচারণা চালাতে গিয়ে তাঁকে দ্বিগুণ ব্যয়ের সম্মুখীন হতে হবে।
কাজী রকিব উদ্দীন আরও বলেন, আরপিওর ধারা ১৯ অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের সময় বৈধ প্রার্থী একজন থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করতে হবে। এই ধারার সঙ্গেও ৯১ই সাংঘর্ষিক। আইনে এ ধরনের সাংঘর্ষিক বিধান থাকা সমীচীন নয়। তিনি দাবি করেন, কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার শাস্তির বিধান আরপিওর ষষ্ঠ অধ্যায়ে (অপরাধ ও দণ্ড বিষয়ে) উল্লেখ আছে।
সিইসি বলেন, ১৯৭৩ থেকে ২০০১ সালের নির্বাচন পর্যন্ত আরপিওতে ৯১ই ধারা ছিল না। ২০০৮ সালের নির্বাচনে এটি অন্তর্ভুক্ত করা হলেও এর প্রয়োগ ছিল না। বস্তুত আইনটি প্রয়োগযোগ্য নয়। এর মাধ্যমে কখনো কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করা যাবে না। আইনের অন্যান্য ধারায় যেসব দণ্ডের কথা বলা আছে, তা আরোপের দায়িত্ব কমিশনের নয়, বিচারিক কর্মকর্তার। যে কারণে প্রায়োগিক দিক থেকে ৯১ই অর্থহীন।
তবে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের কারও কারও মতে, কমিশন আরপিওর ৯১ই এর সঙ্গে ১৯ ধারার যে তুলনা করেছে, ওই ধারাতে বলা আছে, মনোনয়নপত্র বাছাইয়ের সময়ে একজন ছাড়া অন্যদের মনোনয়নপত্র অবৈধ বিবেচিত হলে একমাত্র বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করতে হবে। বরং কমিশনের এই সিদ্ধান্ত আরপিও ১৭ ধারার সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু সিইসি তাঁর বক্তব্যে ১৭ ধারার প্রসঙ্গটি উচ্চারণও করেননি। এ ধারায় বলা আছে, নির্বাচনে কোনো একজন বৈধ প্রার্থীর মৃত্যু হলে সেখানে নতুন করে তফসিল ঘোষণা করতে হবে। বরং এই ধারাটি ৯১ই ধারার সঙ্গে সাংঘর্ষিক।
৯১ই ধারা বিলোপের ফলে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন বেড়ে যাবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সবাই এ আইনের ভয়েই আচরণবিধি মেনে চলতেন, তা বলা যাবে না।’ এতে ইসির ক্ষমতা কমে যাবে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘যে ক্ষমতা প্রয়োগ করা যায় না, তা রেখে লাভ কী?’
নির্বাচন কমিশন এখন নিজেকে যথেষ্ট শক্তিশালী ভাবছে কি না—সাংবাদিকেরা এই প্রশ্নটি করলে সিইসি জবাব দেওয়ার আগেই নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, ‘ইসি যথেষ্ট শক্তিশালী’।