নবগঠিত নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া এবং কমিশনের কাছে প্রত্যাশা নিয়ে গতকাল বৃহস্পতিবার পাঁচ বিশিষ্ট নাগরিকের মুখোমুখি হয় প্রথম আলো। তাঁদের কেউ কেউ কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউবা বলেছেন এই কমিশনকে নিরপেক্ষতা প্রমাণের মাধ্যমেই আস্থা অর্জন করতে হবে। তাঁদের বক্তব্যে বেরিয়ে এসেছে, এককভাবে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয়, এ জন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা। তাঁদের মতামত তুলে ধরা হলো:

রাজনৈতিক দলকেও সহায়তা করতে হবে
সাখাওয়াত হোসেন
সাবেক নির্বাচন কমিশনার
সবার আস্থা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করাই নতুন নির্বাচন কমিশনের এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন গঠন নিয়ে আমার বড় কোনো প্রত্যাশা ছিল না। থাকার কথাও না। অনুসন্ধান কমিটি ডেকেছিল। তাদের যা বলার বলেছি। কতটুকু কার্যকর হয়েছে, সেটা কমিটিই ভালো বলতে পারবে।
আমি চাই তাঁরা ভালো কাজ করবেন। এ ক্ষেত্রে তাঁদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, সবার বিশ্বাসযোগ্যতা অর্জন করা। ভোটাররা নির্বাচনব্যবস্থার ওপর যে আস্থা হারিয়েছেন, সেটা ফিরিয়ে আনা জরুরি।
নতুন নির্বাচন কমিশন নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। অথচ সামনে আছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন সামনে রেখে প্রয়োজন হলে আইনকানুন পরিবর্তন করতে হবে। এটাও আরেকটা চ্যালেঞ্জ। কমিশনকে সব দলের সঙ্গে বসতে হবে, সব দলের আস্থা অর্জন করতে হবে। অবশ্য দলগুলোকেও নির্বাচন কমিশনকে সহায়তা করতে হবে। আর কথার চেয়ে কাজের মাধ্যমে যোগ্যতা ও আস্থা প্রমাণ করাটা সবচেয়ে বেশি জরুরি।

কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন অসম্ভব
সুলতানা কামাল
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালন করেছেন। যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করা যথার্থ মনে করেছেন, সেটিই তিনি করেছেন। তবে সর্বোত্তম চিন্তা ও চেষ্টা থেকে করলেও কেউ না কেউ সন্দেহ প্রকাশ করবেন, কেউ কেউ তা করছেনও।
আমাদের রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় হয়েছে। সেখানে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস প্রকট। এ জন্য বলে আসছি, সংবিধান অনুযায়ী একটি আইন থাকলে কমিশন গঠন আইনসম্মত হয়েছে কি না, সেটি মূল্যায়ন করা যেত।
নবগঠিত কমিশনের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে, এটা পবিত্র ও নৈতিক একটি দায়িত্ব। গণতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নির্বাচন কমিশন। আমাদের প্রত্যাশা, এই কমিশনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিবর্গ গুরুত্বের সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করবেন। প্রতিটি নির্বাচনকে তাঁরা জনগণের নির্বাচন হিসেবে প্রতিষ্ঠা করবেন।
সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী, সৎ ও সাহসী নির্বাচন কমিশনের বিকল্প নেই। তবে নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, যদি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও সদিচ্ছা এর সঙ্গে যুক্ত না হয়।
নতুন কমিশন কাজ শুরু করলে তাঁদের কাজের গতি-প্রকৃতি দেখে মূল্যায়ন করা যাবে। জনগণ ও নাগরিক সমাজের দায়িত্ব তাঁদের নজরদারির মধ্যে রাখা। তার আগে প্রত্যাশা হচ্ছে, তাঁরা আনন্দ ও আগ্রহ নিয়ে কাজ শুরু করবেন।

রাজনৈতিক দলকে ভালো হতে হবে
আবুল কাসেম ফজলুল হক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক
বাংলাদেশের যে রাজনৈতিক চর্চা তাতে নির্বাচন কমিশন রাতারাতি ভালো কাজ করবে, এমনটা মনে হয় না। তবে নির্বাচন কমিশনের উচিত হবে সংবিধান এবং আইনকানুন মেনে সুনির্দিষ্ট কাজ করা।
এই কমিশন গঠনের আগে অনুসন্ধান কমিটি আমাদের সঙ্গে কথা বলেছিল। সেখানে আমরা সবাই বলেছি, প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার যাঁরা হবেন তাঁদের যেন আগের জীবনে সততা ও যোগ্যতার বিষয়গুলো দেখা হয়। তাঁদের যেন নিয়মিত আয়কর দেওয়ার রেকর্ড থাকে। আমরা অবশ্য কোনো ব্যক্তির নাম বলিনি।
যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন করা হয়েছে বলেই মনে হয়। তবে সবকিছু নির্ভর করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং ক্ষমতার বাইরে থাকা বিএনপির ওপর। এই দুই দল একে অন্যকে দোষারোপ করছে। বিরোধী পক্ষ বলছে এই কমিশন পক্ষপাতমুক্ত হয়নি।
৪০-৪৫ বছর ধরে এ দেশে যে রাজনীতি দেখছি, তাতে হঠাৎ করে নির্বাচন কমিশন ভালো হয়ে যাবে, এটা আশা করি না। ভালো হতে হলে রাজনৈতিক দলগুলোকেও আগে ভালো হতে হবে। পরস্পরের প্রতি শ্রদ্ধার মনোভাব থাকতে হবে। সেটা তো নেই। তবে নতুন নির্বাচন কমিশনের উচিত সংবিধান, আইন ও বিধিবিধান মেনে কাজ করা। সীমার বাইরে যাওয়া ঠিক নয়।

কমিশনকে আস্থা অর্জন করতে হবে
রাশেদা কে চৌধূরী
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
কেমন নির্বাচন কমিশন পেলাম, বুঝতে পারছি না। নানা ধরনের বিভ্রান্তি লক্ষ করছি। একজন নাগরিক, ভোটার এবং মুক্তচিন্তার মানুষ হিসেবে প্রত্যাশা হচ্ছে, দেশ গণতান্ত্রিক ভাবধারায় এগিয়ে যাবে। সে লক্ষ্যে সবার মতামত একত্র করা সম্ভব না হলেও মোটামুটি ঐকমত্যের ভিত্তিতে একটা নির্বাচন কমিশন হবে—সেটাই ছিল সবার প্রত্যাশা। এ জন্য নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াকে সবাই স্বাগত জানিয়েছিল।
আমি বলব, মুক্ত ও গণতান্ত্রিক চিন্তার মানুষের মতামত বা পরামর্শ নেওয়ার প্রক্রিয়াটাও ভালো ছিল। কিন্তু কমিশন গঠিত হওয়ার পর একধরনের বিভ্রান্তি লক্ষ করছি। যা চেয়েছি, তা পেয়েছি কি না—সেই সংশয় সৃষ্টি হয়েছে।
সবার প্রত্যাশা ছিল, নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার আসার রোডম্যাপ তৈরি হবে। কমিশন যেভাবেই গঠিত হোক না কেন, সেই প্রত্যাশা এখনো আছে। নবগঠিত কমিশনের উচিত হবে সব রাজনৈতিক দল ও বৃহত্তর জনগোষ্ঠীর আস্থা অর্জন করে সামনে এগিয়ে যাওয়া। এটা এই কমিশনের জন্য বড় চ্যালেঞ্জও বটে।
আমি বলব, ভয়, চাপ বা আনুকূল্যের কাছে মাথা নত না করে নতুন কমিশন দায়িত্ব পালন করবে। গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করতে তাঁরা ভূমিকা রাখবেন।

গোপনীয়তার সংস্কৃতি সমুন্নত রইল
বদিউল আলম মজুমদার
সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক
পুনর্গঠিত নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। আমরা আশা করেছিলাম, অনুসন্ধান কমিটি নাম প্রস্তাবের ক্ষেত্রে সর্বোচ্চ সততা, সতর্কতার পাশাপাশি বিবেচনাশক্তি প্রয়োগ করবে। এটা করতে পারলে সর্বাধিক যোগ্য ব্যক্তিরা কমিশনে নিয়োগ পেতেন। এ লক্ষ্যে অনুসন্ধান কমিটিকে যোগ্যতা-অযোগ্যতার কিছু মানদণ্ড ব্যবহার করে বস্তুনিষ্ঠভাবে নাম বাছাই করতে হতো। কী ধরনের মানদণ্ড ওই কমিটি ব্যবহার করেছে, সে সম্পর্কে আমরা নিশ্চিত নই।
বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়ের সময় আমরা প্রস্তাব করেছিলাম, অনুসন্ধান কমিটি যেন নাম প্রস্তাবের সঙ্গে তাদের সিদ্ধান্তের যৌক্তিকতা উল্লেখ করে একটি প্রতিবেদন তৈরি ও তা প্রকাশ করে। তাহলে কমিটির সিদ্ধান্ত সম্পর্কে জনমনে আস্থা সৃষ্টি হতো। এ ছাড়া আমাদের সঙ্গে মতবিনিময় যে লোক দেখানো ছিল, না, তা-ও প্রতিষ্ঠিত হতো।
আমরা অনুসন্ধান কমিটিকে বস্তুনিষ্ঠভাবে তৈরি করা ২০টি নামের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করার সুপারিশ করেছিলাম। আমাদের কাছে বোধগম্য নয়, কেন কমিটি স্বচ্ছতার পরিবর্তে গোপনীয়তার সংস্কৃতি সমুন্নত রাখল। এ ছাড়া মহামান্য রাষ্ট্রপতিও কেন এত তড়িঘড়ি করে নিয়োগ দিলেন, তা নিয়েও মনে প্রশ্ন জাগে।
বিদায়ী কমিশন আমাদের নির্বাচনব্যবস্থাকে খাদে ফেলে দিয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে ব্যাপক আস্থার অভাব দেখা দিয়েছে। এই সংকট দূর করার জন্য কমিশনকে সততা, স্বচ্ছতা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নিরপেক্ষতার সঙ্গে কাজ করার কথা বলেছেন। আশা করি, তাঁর নেতৃত্বাধীন কমিশন সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য সংসদ নির্বাচন উপহার দেবে।