নির্বাচন কমিশনকে বেসরকারি শিক্ষকদের আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার-স্বীকৃত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন চার শিক্ষক। গতকাল বুধবার তাঁরা এ বিষয়ে নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠিয়েছেন।শিক্ষকদের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন তাঁদের আইনজীবী খলিলুর রহমান। তাঁদের মধ্যে আছেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর আলী হাইস্কুলের প্রধান শিক্ষক কামরুল হাসান, বগুড়ার ধুনটের ইউ এ কে হাইস্কুলের সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, জামালপুরের রহিমা মোজাফফর আদর্শ গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমান এবং সরিষাবাড়ী পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন।খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকেরা ইউপি নির্বাচনে অংশ নিয়ে আসছেন। সম্প্রতি উপকূলীয় এলাকার ইউপি নির্বাচনেও স্কুল-কলেজের শিক্ষকেরা অংশ নিয়েছেন। গত ২ মার্চ নির্বাচন কমিশন যে পরিপত্র জারি করেছে, তাতেও বলা হয়েছে, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকেরা ইউপি নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু কয়েক দিন আগে কমিশন ১৯৬১ সালের একটি আইনের বরাত দিয়ে বলেছে, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকেরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিষয়টি পরিপত্র এবং ২০০৯ সালের ইউনিয়ন পরিষদ আইনের পরিপন্থী।