
নির্দলীয় সরকারের দাবিতে গতকাল রোববার নরসিংদীর পৌর শিশুপার্ক মাঠে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট আয়োজিত জনসভায় খালেদা জিয়া এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বলেন, নির্দলীয় সরকার ছাড়া বিএনপি জোট নির্বাচনে যাবে না। তার মানে এই নয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদলীয় নির্বাচন করে ফেলবেন। সেটা করতে দেওয়া হবে না। জনসভার কর্মসূচি দেওয়া আছে। এর পরই নির্দলীয় সরকারের দাবিতে হরতাল, অবরোধ, ধর্মঘটসহ সর্বাত্মক কর্মসূচি দেওয়া হবে।
খালেদা জিয়া অভিযোগ করেন, নির্বাচনকালীন সরকারপদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে আলোচনার পথ বন্ধ করেছেন। তার পরও নির্দলীয় সরকারের দাবি মেনে নিয়ে আলোচনা চাইলে তিনি সাড়া দেবেন। তিনি জোর দিয়ে বলেন, সংসদ রেখে, বর্তমান সরকার ক্ষমতায় থেকে নির্বাচন হবে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে তারপর সংসদ ভেঙে দেওয়ার দাবি করেন তিনি।
বিএনপি জোট এবার ক্ষমতায় গেলে পরিবর্তনের রাজনীতি করবে। নতুন ধারার রাজনীতি ও সরকার গঠন করবে। বিরোধীদলীয় নেত্রী এ কথা পুনর্ব্যক্ত করলেও নতুন ধারা কী, এখনই তা জানাতে চাননি। তিনি বলেন, এখন জানালে দেখা যাবে, আওয়ামী লীগ সেটাই বলতে শুরু করেছে। যথাসময়ে এটা জানানো হবে।
‘দুর্নীতিকে আমরা সবচেয়ে বড় শত্রু মনে করি’—এ মন্তব্য করে বিএনপির প্রধান মানুষকে আশ্বস্ত করেন যে ক্ষমতায় গেলে তাঁরা উন্নয়ন ও সুশাসনের জন্য কাজ করবেন। প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করবেন না। দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের সাংসদ ও মন্ত্রীদের সম্পদের হিসাব নেওয়া হবে।
আওয়ামী লীগের মন্ত্রী-সাংসদদের বিরুদ্ধে লুটপাট ও মানুষ খুনের অভিযোগ করে খালেদা জিয়া বলেন, এই সরকারের প্রধান কাজ টাকা লুটপাট ও মানুষ খুন। আর এগুলো করে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় ঘুরে ভোট চাইছেন। তাঁর দাবি, লুটপাট করে সরকারের অনেক মন্ত্রী-সাংসদ কানাডাসহ বিভিন্ন দেশে বাড়ি কিনেছেন।
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি জোট দেশের আটটি জেলায় জনসভা করার ঘোষণা দিয়েছে। গতকালের সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হলো। অক্টোবরের শেষে ঢাকায় জনসভার মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে। এসব জনসভায় খালেদা জিয়া বক্তব্য দেবেন। দাবি মানা না হলে ঢাকার সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির নীতিনির্ধারকেরা।
গতকাল সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত বৃষ্টি ছিল। এরপর বৃষ্টি বন্ধ হলেও আকাশ ছিল মেঘলা। তবে এই বৈরী আবহাওয়া জনসভায় কোনো বিঘ্ন সৃষ্টি করতে পারেনি। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই আশপাশের জেলা ও নরসিংদী জেলার ছয়টি উপজেলা থেকে হাজার হাজার মানুষ সমাবেশস্থলে হাজির হয়। বিকেল সাড়ে চারটার একটু পরে সমাবেশস্থলে আসেন খালেদা জিয়া। ঢাকা থেকে নরসিংদীর পথে পথে দলীয় নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। বিভিন্ন স্থানে কর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে সৃষ্টি হয় যানজটের। এ কারণে গুলশানের বাসা থেকে দেড়টার দিকে রওনা দিয়ে নরসিংদী পৌঁছাতে তাঁর সময় লাগে তিন ঘণ্টারও বেশি। গতকালের জনসভায় বিএনপি ও জোটের শরিক দলের নেতা-কর্মীরা ঢোলসহ বিভিন্ন বাদ্য নিয়ে সমবেত হন। ধানের শীষ ও ধানগাছ হাতে ট্রাক, নসিমন-করিমন, বাস-ট্রলারে করে তাঁরা সভাস্থলে আসেন। সভার মাঠ লোকে পরিপূর্ণ হওয়ার পর আশপাশের সড়কও ভরে যায়। এ সময় ঢাকা-সিলেট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রায় ৪০ মিনিটের বক্তব্যে খালেদা জিয়া সরকারের নানা ব্যর্থতার কথা তুলে ধরেন। পাশাপাশি বিএনপি জোট ক্ষমতায় গেলে কী করা হবে, তাও বলেন। দুপুর দুটোয় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল থেকেই শিল্পীরা গান করেন। নরসিংদী বিএনপির সভাপতি খায়রুল কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, আবদুল্লাহ আল নোমান; লিবারেল ডেমোক্রেটিক পার্টির অলি আহমদ; খেলাফত মজলিসের মো. ইসহাক; জামায়াতে ইসলামীর শামসুল ইসলাম; বিজেপির সভাপতি আন্দালিব রহমান; জাগপা সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির সংস্কারপন্থী হিসেবে পরিচিত নেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে গতকালের সমাবেশে। বিএনপির প্রয়াত মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের নেতা-কর্মীরা শিবপুর উপজেলা থেকে কর্মসূচিতে যোগ দেন। পরিষদের সদস্যসচিব আরিফুল ইসলামের নেতৃত্বে বিপুল নেতা-কর্মী সমাবেশস্থলে আসেন। আরেক সংস্কারপন্থী নেতা সরদার সাখাওয়াত হোসেন আসেন কয়েক হাজার কর্মী নিয়ে। এ ছাড়া নরসিংদী সদরের মনজুর এলাহীর নেতৃত্বেও বিপুল কর্মী সমাবেশে আসেন। তবে সংস্কারপন্থী নেতাদের মঞ্চে ডাকা হয়নি।