নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড থাকা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড থাকা উচিত। অযোগ্য লোকদের নির্বাচন কমিশনার বানিয়ে কমিশনকে স্বাধীন করে দিলে কোনো লাভ হবে না। এ টি এম শামসুল হুদা বলেন, তৃতীয় শ্রেণী পাওয়া ব্যক্তিকে নির্বাচন কমিশনার বানালে নিশ্চয়ই তাঁর কাছ থেকে ভালো কিছু আশা করা ঠিক হবে না।গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ‘বাংলাদেশে নির্বাচন ২০০৬-০৯: ব্যর্থতা থেকে সাফল্যে উত্তরণ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিসেনার। প্রতিবেদনটি উপস্থাপন করেন জহিরুল আলম। অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ নেন অধ্যাপক মোজাফ্ফর আহমদ, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও মুনীরা খান। প্রতিবেদনে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নবম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালের শেষভাগ থেকে ২০০৮ পর্যন্ত সেনাসমর্থিত জরুরি অবস্থার কারণে নির্বাচনী প্রক্রিয়া বন্ধ ছিল। দেশে এক ধরনের অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে ওই সময়ের সবচেয়ে ভালো কাজ ছিল নবম জাতীয় সংসদ নির্বাচন, যা এ দেশের নির্বাচনের ইতিহাসে একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে।প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তারাও বিগত নবম জাতীয় সংসদ নির্বাচন এবং তা সফলভাবে পরিচালনার জন্য বর্তমান কমিশনের কাজের প্রশংসা করেন। শামসুল হুদা বলেন, ‘নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে নানা মত রয়েছে। আমি মনে করি, নির্বাচন কমিশনের সব খরচের নিরীক্ষা মহাহিসাব নিরীক্ষকের অফিস করতে পারে। আর কমিশনের কর্মকর্তাদের নিয়োগ হবে পিএসসির মাধ্যমে।’এ টি এম শামসুল হুদা নির্বাচন কমিশনকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে রূপ দিতে রাজনৈতিক দলগুলোকে কমিশনারদের পদত্যাগ চাওয়ার সংস্কৃতি বদলে সহযোগিতা করার আহ্বান জানান। সিইসি বলেন, ‘পাঁচ বছরের জন্য কমিশনারদের নিয়োগ দেওয়া হলেও রাজনৈতিক দলগুলো কথায় কথায় তাঁদের পদত্যাগ চায়। কথায় কথায় নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি তুললে ইসিকে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব হবে না।’রাজনৈতিক দলগুলো ধৈর্য ধরে সহযোগিতা করলে ইসি একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হবে বলে উল্লেখ করে তিনি বর্তমান নির্বাচন কমিশনের নির্বাচনী আইন সংস্কারসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। শামসুল হুদা বলেন, ‘নির্বাচন কমিশন একটি প্রতিষ্ঠান। পাঁচ বছরের জন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়। মানুষের তৈরি কমিশন। ভুল হতেই পারে। কিন্তু পদত্যাগ করুন, পদত্যাগ করুন—এমন করলে তো প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে না। ধৈর্য ধরতে হবে। ইসিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করার সুযোগ দিতে হবে।’রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে আরও বেশি সংলাপ আয়োজনের প্রয়োজনীয়তার কথাও জানান সিইসি।