নির্বাচন কমিশনারের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের দেওয়া বক্তব্য ‘সম্পূর্ণ অসাংবিধানিক ও অযৌক্তিক’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, নির্বাচন কমিশনারের বক্তব্যটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের প্রতিহিংসাপরায়ণ রাজনীতিরই প্রতিফলন ঘটেছে। আওয়ামী লীগ জামায়াতকে বাইরে রেখে নির্বাচন করার যে ষড়যন্ত্র করছে, ইসির বক্তব্যের মাধ্যমে সেই ষড়যন্ত্র বাস্তবায়নের প্রকাশ ঘটেছে মাত্র। এটি নির্বাচন কমিশনারের বক্তব্য হতে পারে না বলেও বিবৃতিতে দাবি করা হয়।

এর আগে দুপুরে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, ‘আদালত যে আদেশ দিয়েছেন, তাতে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়ে গেছে।’

এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, যে রায় এসেছে তা হাইকোর্টের রায়। এটিই চূড়ান্ত নয়। সুপ্রিম কোর্টে আপিলের কার্যক্রম এখনো নিষ্পত্তি হয়নি। এ অবস্থায় কমিশনারের দেওয়া বক্তব্য অসাংবিধানিক। সুপ্রিম কোর্টে নিষ্পত্তির আগে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার কোনো সুযোগ নেই বলে দাবি করেছে দলটি।

বিবৃতিতে জামায়াতে দাবি, সংবিধানের ৩৮ ধারা অনুযায়ী জামায়াত একটি সংবিধানসম্মত গণতান্ত্রিক রাজনৈতিক দল। জামায়াত দেশের সংবিধান, দেশের প্রচলিত আইন, গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে রাজনীতি করে। জামায়াতের প্রতিটি কর্মসূচি গণতান্ত্রিক। কোনো ধরনের অসাংবিধানিক, অগণতান্ত্রিক কর্মকাণ্ডে জামায়াত বিশ্বাস করে না।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ মাসের শেষের দিকে তারা এ ব্যাপারে আপিল করবে।’