নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে আ.লীগ
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। গতকাল মঙ্গলবার দলের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব নুরুল ইসলাম খানের কাছে এই হিসাব জমা দেন।হিসাব জমা দেওয়ার পর মৃণাল কান্তি দাস সাংবাদিকদের বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী আমরা ২০০৯ পঞ্জিকাবছরের হিসাব জমা দিয়েছি। কমিশন আওয়ামী লীগের এই হিসাব পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। তবে দাখিল করা হিসাববিবরণী সম্পর্কে নির্বাচন কমিশনের সম্মতি ছাড়া কিছু বলা আমাদের ঠিক হবে না। এ ব্যাপারে কিছু বলার থাকলে প্রয়োজনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদমাধ্যমকে তা জানাবেন।’ এ বিষয়ে পরে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, দলগুলো আয়-ব্যয়ের হিসাব জমা দিচ্ছে, এটা ইতিবাচক চর্চা। এর মাধ্যমে ভবিষ্যতে সব দলই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে।গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী নির্ধারিত সময় ৩১ জুলাইয়ের মধ্যে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে পারেনি আওয়ামী লীগ। পরে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন হিসাব জমা দেওয়ার জন্য দুই মাস সময় বাড়ায়। তবে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিসহ ২২টি দল নির্ধারিত সময়ের মধ্যেই তাদের হিসাব জমা দেয়।জানা গেছে, আওয়ামী লীগের দাখিল করা হিসাবে দলের কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা পরিষদ, সাংসদ, জাতীয় কমিটি, উপকমিটি, প্রাথমিক সদস্য, শুভানুধ্যায়ী, কাউন্সিলর, ডেলিগেটদের কাছ থেকে এবং প্রচার-পুস্তিকা বিক্রি থেকে পাওয়া অর্থ আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে। এ ছাড়া ব্যাংকে গচ্ছিত আমানতের অর্থের লভ্যাংশও রয়েছে। অন্যদিকে ব্যয়ের খাত হিসেবে ত্রাণকার্যক্রম, কেন্দ্রীয় সম্মেলন, সাংগঠনিকভাবে দলের অবশ্য পালনীয় দিবস, প্রকাশনা, সাংগঠনিক খরচ, বিজ্ঞাপন, অফিস ভবন কেনা, হোল্ডিং ট্যাক্স, ফোন, কম্পিউটারসহ আনুষঙ্গিক আসবাবপত্র কেনা, কর্মচারীদের বেতন, বাড়িভাড়া, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন, ইন্টারনেট, কুরিয়ার, আপ্যায়ন, মনিহারিসামগ্রী, পত্রিকা ও যাতায়াত ইত্যাদি দেখানো হয়েছে।