নির্বাচন কমিশনে নতুন সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মুহাম্মদ আবদুল্লাহ। আর বর্তমান সচিব সিরাজুল ইসলামকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার জের ধরে প্রায় সাত মাস ধরে ওএসডি হয়ে থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব এম আসলাম আলমকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বুধবার এ বিষয়ে আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. জিল্লার রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান সমাজকল্যাণ সচিব চৌধুরী মো. বাবুল হাসান ১৪ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা। আর চুক্তিতে থাকা স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামের মেয়াদ ১৯ অক্টোবর শেষ হবে।