নির্বাচন কমিশনে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন নির্বাচন কমিশনে (ইসি) সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সারা দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করাসহ বেশ কয়েকটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠনগুলো। ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের জাতীয় সমন্বয় কমিটির ডাকে গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সমন্বয় কমিটির অন্য দাবির মধ্যে রয়েছে, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, যুক্ত নির্বাচনের ভিত্তিতে জাতীয় সংসদে ৬০টি আসন সংরক্ষণ করা, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ও পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি আইন বাস্তবায়ন করা ইত্যাদি।
অবস্থান কর্মসূচি থেকে নেতারা বলছেন, এ দেশের জাতীয় সংসদ নির্বাচনসহ জনপ্রতিনিধিত্বশীল সব সংস্থার যেসব নির্বাচন ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে, ব্যতিক্রম বাদে সেগুলোর অভিজ্ঞতা সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য দুঃখবহ ও দুর্ভাগ্যজনক। এমন কোনো নির্বাচন নেই, যে নির্বাচনে সংখ্যালঘুরা নিপীড়ন, নির্যাতনের শিকার হয়নি। অতীতে যেসব নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেসব কমিশন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলেও তা আপ্তবাক্য মাত্র। বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যায়নি। সে কারণে যেকোনো ধরনের নির্বাচন সংখ্যালঘু জনগোষ্ঠীর কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সমন্বয় কমিটির সমন্বয়ক রানা দাশগুপ্ত। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।