নির্বাচন কমিশনে ৩৭ দলের হিসাব জমা
রাজনৈতিক দলের ২০১০ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। গতকাল শেষ দিনে ছয়টি রাজনৈতিক দল হিসাব জমা দিয়েছে। দলগুলো হলো: জাতীয় পার্টি (জেপি), গণতন্ত্রী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও ইসলামী ঐক্যজোট।নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা থেকে জানানো হয়েছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৩৭টি রাজনৈতিক দলের হিসাব জমা পড়েছে। তবে বাংলাদেশ খেলাফত মজলিশ হিসাব জমা দিয়েছে কি না নিশ্চিত হতে পারেনি কমিশন।প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আগামী রোববার নিশ্চিত জানা যাবে।রাজনৈতিক দলের নিবন্ধনবিধি অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোর পূর্ববর্তী পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার কথা। ওই সময়ের মধ্যে ২৪টি দল হিসাব জমা দেয়। অবশিষ্ট ১৪টি দল হিসাব জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আবেদন করে, যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ায়।