নির্বাচন কমিশনে ৪১ দলের নিবন্ধন আবেদন খারিজ
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধনের জন্য নতুন করে আবেদন করা ৪৩টি রাজনৈতিক দলের মধ্যে ৪১টিরই আবেদন বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। বাকি দুটি দল—বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটকে নিবন্ধন দেওয়ার জন্য প্রাথমিকভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, অসম্পূর্ণ গঠনতন্ত্র, আবেদনের সঙ্গে দলের ইশতেহার জমা না দেওয়া, বাংলাদেশের সংবিধানে সঙ্গে সাংঘর্ষিক গঠনতন্ত্র (ধর্মভিত্তিক দলগুলো), শর্তানুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক কমিটি বা দলীয় কার্যালয় দেখাতে ব্যর্থ হওয়ায় এসব আবেদন খারিজ করা হয়েছে।
অবশ্য নিবন্ধন দেওয়ার জন্য প্রাথমিকভাবে বিবেচনায় নেওয়া দল দুটিও নিবন্ধনের শর্ত পুরোপুরি পূরণ করতে পারেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। তিনি প্রথম আলোকে বলেন, কমিশন এ দুটি দলকে বাকি শর্তগুলো পূরণ করতে বলেছে। ব্যর্থ হলে তারাও নিবন্ধন পাবে না।
নতুন দল দুটির মধ্যে বিএনএফ গঠিত হয় ২০১১ সালের শেষার্ধে বিএনপির বহিষ্কৃত নাজমুল হুদার নেতৃত্বে। তখন নাজমুল হুদা আহ্বায়ক, জাহানারা বেগম যুগ্ম আহ্বায়ক (এলডিপির সাবেক নেতা) ও এস এম আবুল কালাম আজাদকে (কল্যাণ পার্টির সাবেক সাধারণ সম্পাদক) দলটির প্রধান সমন্বয়ক হন। মতবিরোধের কারণে গত জানুয়ারিতে বিএনএফ ছেড়ে দেন নাজমুল হুদা। এখন দলটির প্রধান নেতা হলেন আবুল কালাম আজাদ। এ ছাড়া রাজনৈতিক মহলে খোঁজখবর নিয়েও অপর দল বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট সম্পর্কে কিছু জানা যায়নি।
এর আগে ২০০৮ সালের সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে ৩৯টি রাজনৈতিক দল নিবন্ধন পায়। এখন নিবন্ধিত দলের সংখ্যা ৩৮টি।
গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী, নিবন্ধন পেতে হলে আবেদনকারী দলকে অতীতের যেকোনো একটি নির্বাচনে অংশ নিয়ে অন্তত একটি আসন পেতে হবে; অথবা যেকোনো নির্বাচনের একটিতে পাঁচ শতাংশ ভোট পেতে হবে; অথবা দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলা (২১টি) ও ১০০ উপজেলা বা থানা পর্যায়ে দলের কমিটি ও কার্যালয় থাকতে হবে।
নির্বাচন কমিশন গত বছরের ২৩ অক্টোবর অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের জন্য আবেদন করার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে।
খারিজ হওয়া ৪১ দল: নিবন্ধনের আবেদন বাতিল হওয়া ৪১টি দল হলো বাংলাদেশ জালালি পার্টি, বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ নিউ সংসদ লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), বাংলাদেশ জাতীয় লীগ, মুক্তিযোদ্ধা কমিউনিজম ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জাতীয় দল, গণ অধিকার পার্টি, বাংলাদেশ গণসেবা আন্দোলন, বাংলাদেশ জনতা দল, বাংলাদেশ প্রবাসী দল, বাংলাদেশ তৃণমূল লীগ, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ, গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট, মুক্ত রাজনৈতিক আন্দোলন, জাতীয় মুক্তিযোদ্ধা গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট, বাংলাদেশ ইসলামিক পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ পিপলস লীগ, পাবলিক পার্টি, বাংলাদেশ জনগণতান্ত্রিক দল, মাতৃভূমি দল, বাংলাদেশ গণ অধিকার দল, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণশক্তি দল, বাংলাদেশ বাম ফ্রন্ট, জনতা মহাজোট বাংলাদেশ, সম্মিলিত গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মাহবুব), বাংলাদেশ হিন্দু লীগ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল (মার্ক্সবাদী-লেনিনবাদী), বাংলাদেশ গ্লোরিয়াস পার্টি, বাংলাদেশ মাইনরিটি পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মাওবাদী), বাংলাদেশ রেডস্টার পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, কৃষক পার্টি, ডেমোক্রেটিক পিপলস পার্টি ও ন্যাশনাল আওয়ামী পার্টি।
বাসদের (মাহবুব) ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসিন মিয়া প্রথম আলোকে বলেন, তাঁদের আবেদনে কমিশনের শর্তানুযায়ী সব জায়গায় দলের অফিস দেখানো সম্ভব হয়নি।