নির্বাচন কমিশনের কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেছেন, নির্বাচনী মাঠ সবার জন্য সমান করা হয়নি। সরকারি দলের মন্ত্রী-সাংসদরা আচরণবিধি ভেঙে চলেছেন। অথচ বিএনপির নেতা-কর্মীরা মামলা-হামলার কারণে মাঠে নামতে পারছেন না। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাজ গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কমিশন যদি সবার জন্য সমান সুযোগ তৈরি করতে না পারে, তাহলে বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হব।’
গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের দেওয়ানহাটে যুবদল আয়োজিত কর্মিসভায় আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন। তাঁর দাবি, চলমান গণতান্ত্রিক আন্দোলনকে স্তিমিত করার কৌশল হিসেবে সরকার সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করেছে। কিন্তু সরকারের এই কৌশল জনগণের ভোটের কাছে বুমেরাং হবে।
নোমান বলেন, বিএনপি আন্দোলনের অংশ হিসেবে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছে। জনগণ যদি এই নির্বাচনে ভোট দিতে পারে, তাহলে সরকারের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে অনাস্থার প্রকাশ ঘটানো হবে। যদি ভোট ডাকাতি হয়, তাহলে বিএনপির চলমান গণ-আন্দোলন গণ-অভ্যুত্থানে পরিণত হবে।
মহানগর যুবদলের সভাপতি কাজী বেলালের সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিমউদ্দীন, মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর, নগর জাসাসের সভাপতি কাজী আকবর প্রমুখ।