দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য চলতি মাসে গণবিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে।নির্বাচন কমিশনার আবদুল মোবারক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যথেষ্ট সময় নিয়ে আবেদনের যৌক্তিকতা যাচাই করা হবে। তারপর যোগ্য দলকে নিবন্ধিত করা হবে।এর আগে ২০০৮ সালে ১০৭টি দলের আবেদন যাচাই করে ৩৯টি দলকে নিবন্ধিত করা হয়েছিল। কমিশন সচিবালয়ের কর্মকর্তারা ধারণা করছেন, সেবার যেসব দল বাদ পড়েছিল, তারা এবারও আবেদন করবে।গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী, নিবন্ধিত হতে হলে কমপক্ষে ২১ জেলা এবং ৫০ উপজেলায় রাজনৈতিক দলের কমিটিসহ দপ্তর থাকতে হবে। গণবিজ্ঞপ্তি জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে।