জামায়াতে ইসলামী দাবি করেছে, আপিল নিষ্পত্তি হওয়ার আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা ও তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক ও বেআইনি। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ দাবি করেন। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া চূড়ান্ত করার প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনের অতি উৎসাহী এ পদক্ষেপ ষড়যন্ত্রমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট। বিবৃতিতে বলা হয়, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের রায় চূড়ান্ত রায় হিসেবে বিবেচিত হতে পারে না। কাজেই সর্বোচ্চ আদালতের রায়ে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত দেশের প্রত্যেক নাগরিকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার ও ভোটাধিকার বর্তমানে বহাল আছে এবং ভবিষ্যতেও বহাল থাকা উচিত। সংবিধানের ১১৯ ধারায় নির্বাচন কমিশনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে কোনো দলকে বা কোনো দলের নেতাকে নির্বাচনের বাইরে রাখার বা ভোটার তালিকার বাইরে রাখার কোনো এখতিয়ার নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি। বিবৃতিতে এ ধরনের অযৌক্তিক ও বেআইনি পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।