নির্বাচন কমিশনের বক্তব্য মূল্যহীন: মওদুদ

বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের এজেন্ট আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘এরা নিরপেক্ষ, স্বাধীন নির্বাচন কমিশন নয়। এই নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা কিছু প্রত্যাশা করি না। এই নির্বাচন কমিশন যা কিছু বলছে, তা মূল্যহীন। এর কোনো গুরুত্ব আমাদের কাছে নেই।’
আজ শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মওদুদ এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, নির্দলীয় সরকারের সময় নির্বাচন কমিশনের সবাইকে সরিয়ে দিতে হবে। তিনি বলেন, ‘যাঁরা যোগ্যতাসম্পন্ন এবং যাঁদের মেরুদণ্ড আছে, এ ধরনের ব্যক্তিদের দিয়ে নির্বাচন করতে হবে।’
মওদুদ বলেন, আগামী ১২ তারিখে সংসদের যে অধিবেশন বসছে, বিএনপি তা বর্জনের সিদ্ধান্ত এখনো নেয়নি। তবে, আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে অনড় থাকলে দলের স্থায়ী কমিটির সভায় সংসদে যাওয়া না-যাওয়া এবং সংসদ থেকে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে প্রধানমন্ত্রী আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি দ্বিমুখী কথা বলছেন। কিছুদিন আগে বলেছেন, সংসদ ভেঙে সংসদ নির্বাচন হবে। কিন্তু আবার তিনি অন্যসুরে কথা বলেছেন, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তাই জনগণ প্রধানমন্ত্রীকে বিশ্বাস করতে পারছেন না। জনগণের সঙ্গে এভাবে যারা প্রতারণা করতে চান, তাঁদের ভাগ্যে করুণ পরিণতি আসবে।
মওদুদ আহমদ বলেন, ‘আমরা আশা করি আন্দোলনের মুখে জনদাবি ও জনমতকে মেনে নিয়ে প্রধানমন্ত্রী তাঁর শেষ অবস্থান থেকে সরে আসবেন এবং একটা সমঝোতার পথ বেছে নেবেন। এতে করে দেশে গণতন্ত্র রক্ষা পাবে এবং আমরা সকলে মিলে গণতন্ত্র সুরক্ষা করার ব্যবস্থা করব। আর তা না হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। বর্তমান সরকারকেও অতীতের স্বৈরশাসকদের মতো পরিণতি বরণ করে বিদায় নিতে হবে।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম। সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান-ই-আলম, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, বিএনপির নেতা কামরুল হুদা, চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল হারুন প্রমুখ।