টা ঙ্গা ই লে উ প জে লা নি র্বা চ ন : হ ল ফ না মা
নির্বাচন কমিশনের মামলার ১১ আসামি আবার প্রার্থী
১৫ মার্চ টাঙ্গাইলের দেলদুয়ার ও ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হতে যাচ্ছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দেলদুয়ারে ১৬ ও ধনবাড়ীতে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ৪০টি মামলা হয়েছে।
এঁদের মধ্যে আবার ১১ জন রয়েছেন, যাঁরা ২০০৮ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনী ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেননি। তাঁদের বিরুদ্ধে স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা, ২০০৮-এর অনুচ্ছেদ ৭৪-এ নির্বাচন কমিশন মামলা করেছে। মামলাগুলো বিচারাধীন।
হলফনামার তথ্য অনুযায়ী, দেলদুয়ার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে জাসদ (রব)-সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমান, আওয়ামী লীগ-সমর্থিত আবুল কালাম সিদ্দিকী, বিএনপি-সমর্থিত এস এম ফেরদৌস, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ হা-মীম কায়েসের বিরুদ্ধে ২০০৮ সালের উপজেলা নির্বাচনে অংশ নিয়ে ব্যয়ের তথ্য নির্ধারিত সময়ে জমা না দেওয়ায় মামলা আদালতে বিচারাধীন। এর বাইরে বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছিল। মামলাটিতে তিনি দুই বছর সাজা ভোগ করেন বলে হলফনামায় উল্লেখ করা হয়। নির্বাচনী ব্যয়ের তথ্য জমা না দেওয়ায় আওয়ামী লীগ-সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। এ ছাড়া বিএনপি-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আনিছুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা রয়েছে। অতীতে তাঁর বিরুদ্ধে সন্ত্রাস ও দাঙ্গা-হাঙ্গামার চারটি মামলা ছিল। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আতোয়ার রহমানের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে একটি মামলা রয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম এহসানুল হকের বিরুদ্ধেও একটি মামলা ছিল।
ধনবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী শফিকুল ইসলাম এক মামলায় অভিযুক্ত হয়েছিলেন। এ উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী হাবিবুল্লাহ ফকিরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে একটি এবং দুর্নীতি প্রতিরোধ আইনে দুটি মামলা রয়েছে। বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী রেজাউল হকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে দুটি মামলা আছে। তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলা ছিল। স্বতন্ত্র প্রার্থী আবদুল ওয়াদুদ তালুকদারের বিরুদ্ধেও একটি মামলা ছিল। এ ছাড়া তাঁর বিরুদ্ধে গত উপজেলা নির্বাচনে অংশ নিয়ে নির্ধারিত সময়ে আয়-ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় আদালতে একটি মামলা চলমান রয়েছে। একই অভিযোগে আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শামছুল হুদা, বিএনপি-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মহর উদ্দিন, আওয়ামী লীগ-সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদা খাতুন এবং বিএনপি-সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিরিন রহমানের বিরুদ্ধে মামলা বিচারাধীন। শিরিন রহমানের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খালিদুল ইসলামের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। আগে তাঁর বিরুদ্ধে আরও ছয়টি মামলা ছিল বলে হলফনামায় তিনি উল্লেখ করেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি বাদল মাহমুদ জানান, প্রার্থীদের হলফনামার তথ্য প্রচারের ব্যবস্থা করলে ভোটাররা প্রার্থীদের সম্পর্কে সহজেই জানতে পারেন এবং ভোট দিতে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। তাই সব নির্বাচনেই প্রার্থীদের হলফনামার তথ্য প্রচারের ব্যবস্থা রাখা উচিত।