নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেয়নি দুই জোট
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন আয়োজিত সংলাপে অংশ নেয়নি। গতকাল দুই জোটই টেলিফোন করে এ বিষয়ে অপারগতা জানায়। একমাত্র এলডিপি এই সংলাপে অংশ নেয়। ফলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে কমিশনের মতবিনিময়ের আয়োজন এক অর্থে ব্যর্থ হয়েছে।জানা যায়, নির্বাচন কমিশন গত ২০ ফেব্রুয়ারি সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে জোটগতভাবে সংলাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়। মহাজোটভুক্ত না হলেও এলডিপিকে এই জোটের সঙ্গে সংলাপে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়। সময়সূচি অনুযায়ী, গতকাল সকাল সাড়ে নয়টায় মহাজোট ও এলডিপির সঙ্গে সংলাপ হওয়ার কথা ছিল। চারদলীয় জোটের সঙ্গে সংলাপ হওয়ার কথা ছিল বিকেল সাড়ে তিনটায়। ইউপি নির্বাচনকে দলীয় প্রভাবমুক্ত রাখার ব্যাপারে আলোচনার জন্য কমিশন এ সংলাপের আয়োজন করেছিল।কিন্তু সকালের নির্ধারিত সংলাপে এলডিপি ছাড়া অন্য কোনো দল অংশ নেয়নি। মহাজোটের শরিক জাসদের মঈন উদ্দীন খান বাদল ও শরীফ নূরুল আম্বিয়া নির্বাচন কমিশনে গেলেও সংলাপে অংশ নেননি। শেষ পর্যন্ত এলডিপির সঙ্গেই কমিশনের সংলাপ অনুষ্ঠিত হয়।কমিশন সূত্র জানায়, সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে গতকালের সংলাপে অংশগ্রহণের ব্যাপারে অপারগতা জানানো হয়। বিকেলে বিএনপি-জামায়াত জোটও সংলাপে অংশ নেবে না বলে জানায়।এ বিষয়ে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক দলের আচরণে আমরা হতাশ নই। কারণ আমরা বোধ হয় তাদের সময় কম দিয়েছি।’ ভবিষ্যতে যেকোনো সংলাপ আয়োজনের আগে দলগুলোর সঙ্গে কথা বলে এবং এক সপ্তাহেরও বেশি সময় নিয়ে তাদের অবহিত করা হবে বলে সিইসি জানান।