নির্বাচন কমিশনের সংলাপে যাবে না চারদলীয় জোট
নির্বাচনী আইন সংস্কার ও ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার-সম্পর্কিত নির্বাচন কমিশনের সংলাপে যোগ দেবে না প্রধান বিরোধী দল বিএনপিসহ চারদলীয় জোট। গতকাল বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চারদলীয় জোটের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।এর আগে সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের এক অনানুষ্ঠানিক বৈঠকে একই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলটির একটি সূত্র প্রথম আলোকে জানায়। বৈঠকে বলা হয়, বর্তমান নির্বাচন কমিশন বিতর্কিত ও বিদায়ী কমিশন। এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই ১৩ জুন নির্বাচন কমিশনের বৈঠকে বিএনপি যোগ দেবে না। এ ছাড়া চলতি মাসে আরেকটি হরতাল কর্মসূচি ও লংমার্চের মতো কর্মসূচির বিষয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানায়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ অংশ নেন।এরপর রাত সাড়ে নয়টায় চারদলীয় জোটের বৈঠক শুরু হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে এই বৈঠকে জোটের শরিক জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের আমির মোহাম্মদ ইসহাক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান অংশ নেন। এতে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় বাজেটের বিষয়ে আলোচনা হয় বলে সূত্রগুলো জানিয়েছে।