
ইউনিয়ন পরিষদে সুষ্ঠু নির্বাচন করা নিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা এখন প্রশ্নবিদ্ধ। তবে ভাবমূর্তি উদ্ধারে কমিশন কিছু ক্ষেত্রে কঠোর মনোভাব দেখালেও সরকার বা প্রশাসন তাতে সাড়া দিচ্ছে না। এমনকি কমিশনের সিদ্ধান্তের পাল্টা সিদ্ধান্তও নিচ্ছে সরকার, যা কমিশনের সাংবিধানিক ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
এসব ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক দিনে কমিশনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে ২৮ মে পঞ্চম ধাপে ৭২৯টি ইউপিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ জন্য কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে বলেছে, অনেক জায়গায় নির্বাচনের অনুকূল পরিবেশ নেই। তারা অনুকূল পরিবেশ তৈরির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানিয়েছে। কমিশন মনে করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ আচরণ করলে নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু মন্ত্রণালয় এই অনুরোধ কতটা আমলে নেবে, তা নিয়ে কমিশন শঙ্কিত।
এ অবস্থায় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা না রাখলে কমিশনের করণীয় কী, কমিশন সচিবালয়ের কর্মকর্তারা এখন সেটা দেখার অপেক্ষায় আছেন।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, চার ধাপের নির্বাচনে প্রচুর ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। সেটা যাতে আর না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। সংবিধানে বলা আছে, নির্বাচন কমিশনকে সহযোগিতা করা নির্বাহী বিভাগের দায়িত্ব। সুতরাং আইন অনুসারে কমিশনের চাহিদা অনুযায়ী মন্ত্রণালয়কে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, ‘ঐতিহাসিকভাবেই ইউপি নির্বাচনে হানাহানি হয়ে থাকে। এবার দলীয়ভাবে প্রথমবারের মতো নির্বাচন হওয়ায় হানাহানি কিছুটা বেড়েছে। নির্বাচন কমিশন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। প্রধানমন্ত্রীও সুষ্ঠু নির্বাচন চেয়ে কমিশনে বার্তা পাঠিয়েছেন। সুতরাং আমরা সাধ্য অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি। তবে এ ক্ষেত্রে কমিশনেরও কিছু দায়িত্ব আছে। কারণ, আমাদের জনবল এখন তাদের অধীনে।’
এখন পর্যন্ত চার ধাপে ২ হাজার ৬৬৯টি ইউপিতে নির্বাচন হয়েছে। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৫০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ২৮ মে অনুষ্ঠেয় পঞ্চম ধাপ পর্যন্ত ৪৫০-এর বেশি ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী মনোনয়ন দিতে পারেনি। অভিযোগ আছে, বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানে বাধা দিয়েছেন সরকারি দলের প্রার্থী ও কর্মী-সমর্থকেরা।
এবারের নির্বাচনে যে হারে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই এবং হতাহতের ঘটনা ঘটেছে, তা নিকট অতীতের নির্বাচনে দেখা যায়নি। গতকালের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত নির্বাচনী সহিংসতায় অন্তত ৭২ জনের প্রাণহানি এবং কয়েক হাজার আহত হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা না নিলে কমিশনের করণীয় কী, সে বিষয়ে জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনের এই পর্যায়ে কমিশন ভালো কিছু পদক্ষেপ নিয়েছে। এখন সরকার কমিশনের চাহিদা অনুযায়ী ব্যবস্থা না নিলে মানুষের জানমাল রক্ষায় কমিশনের উচিত হবে নির্বাচন বন্ধ করে দেওয়া।
তৃতীয় ধাপের নির্বাচনের আগে আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল কমিশনের সঙ্গে বৈঠক করে। সেখানে তাঁরা বলেছেন, প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন চান। সুতরাং, কমিশনকে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে উদ্যোগী হতে হবে। অন্যদিকে কমিশন আওয়ামী লীগের প্রতিনিধিদের বলেছে, কমিশনকে পরামর্শ না দিয়ে তাঁরা যেন তাঁদের নেতা-কর্মী এবং পুলিশ প্রশাসনকে সামলান। মাঠের নেতা-কর্মীরা সহিংস আচরণ বন্ধ করলে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ আচরণ করলে নির্বাচন সুষ্ঠু হবে।
কিন্তু তাতে কাজ হয়নি। সহিংসতা, কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা এবং প্রাণহানি অব্যাহত আছে।
মাঠপর্যায় থেকে কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে অসংখ্য জায়গায় পুলিশ ও ভোট গ্রহণ কর্মকর্তাদের সহায়তায় রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরা হয়েছে। দিনের বেলায় প্রতিপক্ষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে সরকারি দলের প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে সিল মারা হয়েছে। অনেক জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোট গ্রহণ কর্মকর্তারা নিজেরাই বসে বসে ব্যালট পেপারে সিল মেরেছেন। এমনকি ভোটারকে প্রকাশ্যে নির্দিষ্ট প্রার্থীর প্রতীকে সিল মারতে বাধ্য করা হয়েছে।
এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জন ওসি ও একজন পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। সাতক্ষীরা নির্বাচনী কেন্দ্র দখলে সহযোগিতা করায় দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলা করা হয়েছে শতাধিক ভোট গ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে। বরগুনার সাংসদ শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাংসদ এনামুল হকসহ কয়েকজনকে সতর্ক করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কায় ৩০টির বেশি ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে। চতুর্থ ধাপের নির্বাচনের আগে শেরপুর সদর উপজেলার গাজীর খামার ইউনিয়নে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় হুইপ আতিউর রহমানকে সতর্ক করে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
নির্বাচন সুষ্ঠু করার অংশ হিসেবে কমিশন গত ২১ এপ্রিল গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশীদকে প্রত্যাহারের নির্দেশ দেয়। কিন্তু মাত্র ১৩ দিনের মাথায় এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশনের অনুমতি না নিয়ে এই প্রত্যাহার আদেশ প্রত্যাহার করে নেয়। যদিও আইন অনুযায়ী নির্বাচনকালীন এ ধরনের সরকারি কর্মকর্তাদের বদলি করতে হলে কমিশনের অনুমতি নিতে হয়।
এ ঘটনার পর থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ৬ মে কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আইন মেনে কাজ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়ে বলেছে, দেশে নির্বাচন চলার সময় সরকারি কর্মকর্তাদের বদলি করতে হলে নির্বাচন কমিশনের অনুমতির প্রয়োজন আছে।
কিন্তু মন্ত্রণালয় এই চিঠির জবাবে কমিশনকে কোনো ব্যাখ্যা দেয়নি।
দুই দিন পর কমিশন আরেক দফা চিঠি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে, দেশে নির্বাচনের অনুকূল পরিবেশ নেই। মাঠপর্যায়ে নির্বাচনী সহিংসতা বৃদ্ধি পেয়েছে। অনেক জায়গায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় অনেকেই নিহত ও আহত হয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেছে। চিঠিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য কঠোর নির্দেশ দিতে বলা হয়েছে।
কমিশনের এই চিঠির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, সে বিষয়ে গতকাল পর্যন্ত কমিশনকে কিছুই জানানো হয়নি।