নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন স্থাপনে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন স্থাপন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ জমি হস্তান্তরে অনীহা প্রকাশ করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে সার্ভার স্টেশন তৈরির জন্য বরাদ্দ এক কোটি ২৬ লাখ টাকা ফেরত যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল হাসান ভুঁইয়া বলেন, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সার্ভার স্টেশন স্থাপন প্রকল্পের কাজ শেষ করা সম্ভব না হলে প্রকল্পের সব টাকা ফেরত যাবে। তিনি বলেন, ইতিমধ্যে দেশের ৬৩ জেলায় নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন স্থাপন করা হলেও জমিসংক্রান্ত বিরোধের কারণে কক্সবাজারে তা সম্ভব হচ্ছে না। জেলা প্রশাসন সূত্র জানায়, কক্সবাজার পৌরসভার পুরোনো ভবনটি (টিনশেড পাকা ঘর) সার্ভার স্টেশনের জন্য নির্ধারণ করা হয়। জেলা প্রশাসনের সঙ্গে চুক্তির মাধ্যমে পৌরসভাকে আরেকটি নতুন পৌর ভবন তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু পরিত্যক্ত ওই পুরোনো ভবনটি জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হচ্ছে না।

জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ‘কক্সবাজার পৌরসভাকে জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য তাগাদা দিলে তারা উল্টো আমাকে লিগ্যাল নোটিশ দিয়েছে। কক্সবাজার গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মোহামঞ্চদ জাহিদ বলেন, ২০১১ সালের শুরুতে জেলা নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন স্থাপনের জন্য দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ করা হয়। কিন্তু জায়গাসংক্রান্ত জটিলতার কারণে আড়াই বছরেও কাজ শুরু করা যাচ্ছে না।

পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজবিহারী দাশ বলেন, শত বছরের পুরোনো পৌর ভবনটি ঐতিহ্য হিসেবে সংরক্ষণের দাবি উঠেছে। তাই জেলা প্রশাসককে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সার্ভার তৈরির জন্য অন্য কোনো ব্যবস্থা না থাকলে এ ভবনটি ছেড়ে দিতে পৌর কর্তৃপক্ষ রাজি আছে।