নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বৈষম্যের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচনে দিনাজপুর ও ফুলবাড়ী পৌরসভার স্বতন্ত্র মেয়র পদপ্রার্থীরা নির্বাচনী প্রচারে মার্কা বৈষম্যের অভিযোগ তুলেছেন। নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দের আগেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী দলীয় প্রতীক নিয়ে প্রচারণা চালানোয় প্রতীকহীন স্বতন্ত্র প্রার্থীরা এ বৈষম্যের শিকার হচ্ছেন বলে তাঁরা অভিযোগ করেন।
দিনাজপুর পৌরসভার নির্দলীয় মেয়র পদপ্রার্থী আলতাফ উদ্দিন অভিযোগ করেন, ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ ডিসেম্বর পৌর নির্বাচনের মার্কা বিতরণ করবেন নির্বাচন কমিশন। কিন্তু এর আগে থেকেই এ পৌরসভার বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল ইসলাম জনসংযোগের সময় ভোটারদের কাছে ধানের শীষ এবং নৌকা মার্কায় ভোট চাইছেন। কিন্তু প্রতীক বরাদ্দ না হওয়া পর্যন্ত তাঁর (আলতাফ উদ্দিন) মতো নির্দলীয় প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের মার্কা কী তা বলতে পারছেন না।
নির্দলীয় মেয়র প্রার্থী ফয়সাল হাবীব সুমন ও জিয়াউর রহমান নওশাদ বলেন, বিভিন্ন মসজিদ, মহল্লায় জনসংযোগ করতে গেলে ভোটাররা প্রতীক কী জানতে চাইছেন। ১৫ ডিসেম্বরের পর প্রতীক বলা যাবে জানালে ভোটাররা আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের সঙ্গে তাঁদের তুলনা করে বলছেন, বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম ও আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল ইসলাম তো নিজেদের প্রতীক কী, তা বলতে পারছেন।
পৌর নির্বাচনের সম্ভাব্য নির্দলীয় প্রার্থী বর্তমান মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের আগেই দলীয় প্রার্থীরা ১৫ দিন ধরে নিজ নিজ মার্কার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তাঁরা ১ মাস ১৫ দিন ধরে প্রচারণা চালানোর সুবিধা পাচ্ছেন। অন্যদিকে ১৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে নির্দলীয় প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণার সুযোগ পাবেন মাত্র ১২ থেকে ১৩ দিন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কারণে নির্দলীয় প্রার্থীরা এভাবে বৈষম্যের শিকার হচ্ছেন।