বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ দিতে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে। তাঁদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান এ কথা বলেন। নারায়ণগঞ্জের নির্বাচনকে প্রহসনের নির্বাচন অভিহিত করে তা বাতিলের দাবিতে গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট এ কর্মসূচির আয়োজন করে।মাহবুবুর রহমান বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচন নয়। সরকার পতনের আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার এখনই সময়। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার নিজেই গণমাধ্যমের কাছে বলেছেন, সরকার সেনাবাহিনী মোতায়েন না করে সংবিধান লঙ্ঘন করেছে। এই নির্বাচন কমিশনারদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। কারণ, তাঁরা সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন।গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের সমন্বয়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি মেহবুব রহমান, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, শাহজাহান মিয়া বক্তব্য দেন।এদিকে এর আগে দুপুর ১২টার দিকে একই স্থানে পৃথক মানববন্ধন কর্মসূচিতে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। সব দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে।চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র আবিদুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ কর্মসূচির আয়োজন করে। ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন আশরাফ হোসেন, এ জেড এম জাহিদ হোসেন, হারুন অর রশীদ প্রমুখ।