নির্বাচন করছেন চিকিৎসকেরা পরিবেশ নষ্ট হাসপাতালের
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের কার্যালয়ে ঢোকার আগে কর্তৃপক্ষের অনুরোধ চোখে পড়ে: ‘আসন্ন বিএমএ নির্বাচনের পোস্টার, লিফলেট দেয়ালের যন্ত্রতত্র না লাগিয়ে নির্ধারিত স্থানে লাগানোর জন্য অনুরোধ করা হলো’। কর্তৃপক্ষের অনুরোধ কেউ রাখেনি। বিশ্ববিদ্যালয়ের বিরাট অংশ ব্যানার, পোস্টার আর স্টিকারে ঢেকে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বেসিক সায়েন্স অনুষদের ডিনসহ একাধিক শিক্ষক ও চিকিৎসক বিএমএ নির্বাচনে প্রার্থী। আবার তাঁরাই বিএসএমএমইউ ‘কর্তৃপক্ষ’-এর অংশ। আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ব্যানার, পোস্টার, স্টিকারে বিএসএমএমইউয়ের চেহারা বদলে গেছে। কত বড় ব্যানার তৈরি করা যায় ও কত উঁচুতে তা টাঙানো যায়, তারই প্রতিযোগিতা চোখে পড়ে। ক্যাম্পাসজুড়ে অসংখ্য পোস্টার আর স্টিকার বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে নোংরা করে ফেলেছে। একই অবস্থা ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের প্রায় সব সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের। চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রেও দেখা গেছে বড় বড় ব্যানার। এখানে ভোটার মাত্র ২০ জন।পেশাজীবী চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএসএম) নির্বাচনে স্বাচিপ ও ড্যাবের প্রচার-প্রচারণাকে ‘অশোভন’ বলে মন্তব্য করেছেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের অন্য একজন চিকিৎসক বলেছেন, চিকিৎসক সমাজ খুব বড় নয়। ভোটার ৩০-৩২ হাজার। সবাই শিক্ষিত। প্রার্থীদের ভালো-মন্দ ভোটাররা মোটামুটি জানেন। চিকিৎসকদের এভাবে প্রচারণায় নামা ঠিক হয়নি। বিএমএ নির্বাচন পরিচালনায় পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের সদস্য মাহবুবুর রহমান বলেন, ব্যানার, পোস্টার, স্টিকার এসব ব্যাপারে আচরণবিধিতে কিছু বলা নেই। নির্বাচনী ব্যয়েরও কোনো সীমা নেই। এভাবে প্রচারণায় নামা ঠিক হয়নি বলে স্বাচিপের মহাসচিব প্রার্থী ইকবাল আর্সলান নিজেও মনে করেন। তিনি জানান, নির্বাচনে চিকিৎসকেরা নিজস্ব অর্থ ও হিতাকাঙ্ক্ষীদের দেওয়া অর্থ ব্যয় করছেন। ড্যাবের সভাপিত প্রার্থী এ কে এম আজিজুল হক অভিযোগ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁদের ব্যানার ছিঁড়ে ফেলছে প্রতিপক্ষের কর্মী-সমর্থকেরা। কিছু প্রতিষ্ঠানে পরিচিতি সভাও করতে দেয়নি ছাত্রলীগের কর্মীরা। কিছু জেলায় সিভিল সার্জনরা স্বাচিপের পক্ষে থাকার বা ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছেন সাধারণ চিকিৎসকদের। তবে তিনি স্বীকার করেন, একাধিক জেলার সিভিল সার্জন ড্যাবের সভাতেও যোগ দিয়েছেন। অভিযোগ সম্পর্কে ইকবাল আর্সলান বলেন, কোন প্রতিষ্ঠানের ব্যানার ছেঁড়া হয়েছে, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। দ্বিতীয়ত, সরকারি চিকিৎসকেরা নির্বাচনে অংশ নিতে ও ভোট দিতে পারেন বলে কেউ কেউ স্বাচিব বা ড্যাবের পক্ষে কথা বলতে পারেন। তবে স্বাচিপ কোনো জেলার সিভিল সার্জনকে এ ব্যাপারে চাপ দেয়নি।