নির্বাচন করতে প্রায় প্রস্তুত নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে প্রায় প্রস্তুত নির্বাচন কমিশন। কমিশনের পূর্বনির্ধারিত বৈঠক শেষে গতকাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ সাংবাদিকদের এই তথ্য দেন।
গত সোমবার সচিবসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, সরকারের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় মন্ত্রিসভা দৈনন্দিন কাজ করবে, নীতিগত কোনো সিদ্ধান্ত নেবে না। সংসদ থাকবে, তবে অধিবেশন বসবে না।
এ অবস্থায় আগামী ২৪ অক্টোবরের মধ্যে ভোটার তালিকা ছাপার কাজ শেষ করার পাশাপাশি ভোট গ্রহণ কর্মকর্তা ও ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশ দিয়েছে কমিশন। সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চার নির্বাচন কমিশনার ও কমিশন সচিবালয়ের সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, সাধারণ নির্বাচনের জন্য কমিশন ৯০ দিন সময় পেয়ে থাকে। সে বিবেচনায় প্রায় সব প্রস্তুতিই সম্পন্ন হওয়ার পথে। ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুনর্নির্ধারণের মতো অন্যতম দুটি কাজ শেষ হয়েছে। স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের কাজ চলছে। ভোটার তালিকা ছাপার কাজ অচিরেই শুরু হবে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিইসি বলেন, সাংবিধানিক কাঠামোর মধ্যে যথাসময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশন প্রস্তুত রয়েছে। ভোট গ্রহণের আগে ৩৫ থেকে ৪৫ দিন হাতে রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
বৈঠকে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি সংশোধন নিয়েও আলোচনা হয় বলে কমিশন সচিবালয় সূত্র জানায়। নির্বাচন দলীয় সরকারের অধীনে হতে যাচ্ছে—এ বিষয়টি বিবেচনায় নিলে নির্বাচনী আচরণবিধিও সংশোধন করতে হবে বলে বৈঠকে মত দেওয়া হয়।
জানতে চাইলে সিইসি বলেন, নির্বাচনের সময় সংসদ বহাল থাকবে। তবে প্রার্থীরা সবাই যাতে সমান সুযোগ পান, সে জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, আচরণবিধি সংশোধন করতে হবে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) আলোকে। সে জন্য কমিশনকে আরপিও সংশোধন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সে কাজটি অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। সংসদের আগামী অধিবেশনে আরপিও সংশোধন না হলে কমিশনকে বিদ্যমান আইনের আলোকে এবং তফসিল ঘোষণার আগেই আচরণবিধি তৈরি করতে হবে।