নির্বাচন করবেন অন্যের টাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যের টাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পঞ্চগড় পৌরসভার মেয়র প্রার্থীরা। ৫২ জন মেয়র প্রার্থীর মধ্যে ৩৮ জনই অন্যের টাকায় নির্বাচন করছেন। এর মধ্যে সংরক্ষিত নারী মেয়র পদে ১১ প্রার্থীর সবাই অন্যের টাকায় নির্বাচন করছেন। সাধারণ মেয়র পদের ৪১ জনের মধ্যে মাত্র ১৪ জন নিজের টাকায় নির্বাচন করবেন বলে আয়-ব্যয়ের হিসাব বিবরণীতে উল্লেখ করেছেন।স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুযায়ী, একজন মেয়র পদপ্রার্থী সর্বোচ্চ ৫০ হাজার এবং ব্যক্তিগতভাবে পাঁচ হাজার টাকার বেশি ব্যয় করতে পারবেন না। এসব ব্যয় ব্যাংক হিসাবের মাধ্যমে করতে হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম প্রথম আলোকে বলেন, আত্মীয়স্বজনের কাছ থেকে অনুদান নিয়ে নির্বাচন করা যাবে, তবে আত্মীয়দের আয়ের উৎসও উল্লেখ করতে হবে। জানা গেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মেয়র পদপ্রার্থী এ টি এম হাসানুজ্জামান নিজের পাঁচ হাজার টাকা এবং মা, মামা, ও খালাতো ভাইয়ের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে নির্বাচন করবেন। আবদুল আজিজ নিজের ২০ হাজার এবং ভাইয়ের কাছ থেকে নেওয়া ২০ হাজার টাকায়, মির্জা সাবদারুল ইসলাম নিজের ২০ হাজার, ভাই ও বোনের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে নির্বাচন করবেন। ২ নম্বর ওয়ার্ডের মো. আনিছুর রহমান মামা, চাচাতো ভাই এবং মো. মাজেদুর রহমান নিজের, বোনের, চাচাতো ভাই ও ভায়রা ভাইয়ের টাকায় নির্বাচন করবেন। রামেরডাঙ্গার রিকশাচালক মো. সামিউল ইসলাম বলেন, ‘শুইনছি অনেক পারথি নাকি আত্মীয়দের টাকায় ভোট করছেন। নিজের টাকায় ভোটের খরচ চালাতে পারেন না। কিন্তু ভোটে খাড়া হইছে।’ মসজিদপাড়ার গৃহিণী মর্জিনা বেগম বলেন, ‘নিজের টাকায় ভোটের খরচ চালাতে পারে না, আবার আমাদের সেবা করবে! তিনি ভোটে দাঁড়াইছেন ক্যান?’