নির্বাচন করলে পদত্যাগ করতে হবে জেলা পরিষদ প্রশাসকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চাইলে পদত্যাগ করতে হবে জেলা পরিষদের বর্তমান প্রশাসকদের। নতুন এই বিধান যুক্ত করে জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ-২০১৬ আইন করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে বলেন, এ বিষয়টি ছাড়া অন্যান্য বিধান আগের মতোই আছে। তবে জেলা পরিষদ নির্বাচন কবে হবে, সে বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগামী ডিসেম্বর মাসে এ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা বাদে বাকি ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের প্রশাসক নিয়োগ করে সরকার। তখন স্থানীয় সরকার বিভাগসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বলেছিলেন, ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে জেলা পরিষদ গঠন করা হবে। কিন্তু এত দিনেও জেলা পরিষদের নির্বাচন হয়নি।
বর্তমান আইন অনুযায়ী, একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের পাঁচজন নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠন করা হবে। চেয়ারম্যানসহ এই ২০ জন সদস্যকে নির্বাচন করবেন সংশ্লিষ্ট এলাকার সিটি করপোরেশন (থাকলে), উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা।