নির্বাচন করার অনুমতি পেলেন বিএনপি নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুদ্দুস আলীকে নির্বাচন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টের বিচারক নাঈমা হায়দার ও বিচারক রাজিক-আল-জলিলের একটি বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। এ আদেশের বলে বিএনপি নেতার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো বাধা থাকল না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইকোর্টের আইনজীবী মামুন মাহাবুব জানান, হাইকোর্ট ১৬ এপ্রিল কুদ্দুস আলীর মনোনয়নপত্র বাতিলের জন্য জেলা নির্বাচন কর্মকর্তার সিদ্ধান্ত স্থগিত করেছেন। একই সঙ্গে হাইকোর্ট প্রতীক বরাদ্দসহ কুদ্দুস আলীকে নির্বাচনে অংশ নেওয়ার আদেশ দেন।

তথ্য গোপন করায় গাজীরটেক ইউনিয়নের বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. কুদ্দুস আলীর মনোনয়নপত্র ১১ এপ্রিল যাচাই-বাছাইকালে বাতিল করে দেন গাজীরটেক ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল খায়ের। পরে কুদ্দুস আলী ১৬ এপ্রিল এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের কাছে আপিল করলে সেটিও নাকচ করে দেওয়া হয়।

ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপে চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৭ এপ্রিল এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এ ইউনিয়নে কুদ্দুস আলীসহ মোট আটজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।