
টেলিভিশনের টক শোতে অংশগ্রহণকারী বক্তা এবং সুশীল সমাজের নেতাদের সমালোচনা করে তাঁদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাঁদের শক্তি ও সাহস নেই, তাঁরাই গণতান্ত্রিক নির্বাচনকে ভয় পান। তাঁদের নির্বাচন করার ক্ষমতা ও সাহস নেই। তবে তাঁদের ক্ষমতায় যাওয়ার খায়েশ আছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে নিজ দল আওয়ামী লীগের মনোনয়নপ্রক্রিয়া নিয়ে তৃণমূলের নেতাদের সঙ্গে আজ বুধবার বিকেলে গণভবনে বৈঠক করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী আগামী জাতীয় নির্বাচনসহ নানা বিষয়ে কথা বলেন।
শেখ হাসিনা বলেছেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচিত সরকারের হাতেই ক্ষমতা হস্তান্তর করা হবে। গণতান্ত্রিক এই প্রক্রিয়া কাউকে না কাউকে শুরু করতে হবে, আমরাই তা শুরু করছি। দেশ ও জাতিকে যেন আর অনিশ্চয়তায় থাকতে না হয়, সে জন্য আমরা এ কাজ করছি।’
মতবিনিময়ের প্রথম দিনে আজ দিনাজপুর, জামালপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, লালমনিরহাট, গাজীপুর ও ভোলার জেলা, উপজেলা, থানা ও পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেন। এ সময় তৃণমূলের মতামত নেন প্রধানমন্ত্রী।