নির্বাচন কর্মকর্তাকে মানসিক রোগী বললেন স্বাস্থ্য কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মানসিক রোগী বলেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম তালুকদার। ওই কর্মকর্তা বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম-১ (এসিআর) পূরণের জন্য গেলে স্বাস্থ্য কর্মকর্তা তাঁকে মানসিক রোগী আখ্যা দিয়ে চিকিৎসা নিতে বলেন। এ ঘটনায় ক্ষুব্ধ নির্বাচন কর্মকর্তা লিখিতভাবে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনের সচিবকে জানিয়েছেন। ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি তিনি তাঁর বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম পূরণের জন্য স্বাস্থ্য কর্মকর্তা শাহ আলমের কাছে যান। যাওয়ার পর স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘আপনি একজন মানসিক রোগী। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ছাড়া আপনার বার্ষিক গোপনীয় অনুবেদন ফরমে স্বাক্ষর করা যাবে না।’ শাহ আলম মুঠোফোনে বলেন, ‘নির্বাচন কর্মকর্তা যথাযথভাবে গোপনীয় অনুবেদন ফরম দাখিল না করায় আমি তাতে স্বাক্ষর করিনি। তার প্রেক্ষিতে তিনি যেসব অভিযোগ এনে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চিঠি লিখেছেন তাতেই প্রমাণিত হয়, তিনি মানসিক রোগী। তাঁর অসৌজন্যমূলক আচরণের কারণে উপজেলার সব কর্মকর্তা অফিসার্স ক্লাবের মাধ্যমে লিখিতভাবে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন।’ উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খান বলেন, ‘নির্বাচন কর্মকর্তার আচরণে আমরা অতিষ্ঠ। তাঁকে অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার জন্য তিনি যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন।’ নির্বাচন কর্মকর্তা বলেন, ‘স্বাস্থ্য কর্মকর্তা গোপনীয় অনুবেদনে স্বাক্ষর না করে আমাকে মানসিক রোগী বলেছেন। আমি মনে করি, সমস্যাটি স্বাস্থ্য কর্মকর্তার, আমার নয়।’