নির্বাচন কর্মকর্তাদের ওপর হামলা
মিরসরাইয়ের হাইতকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি কেন্দ্রে ভোট গণনা শেষে নির্বাচন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।হাইতকান্দির ওই ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবু হানিফ প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১০টায় কেন্দ্রের ফল ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা মো. ইয়াছিন। এরপর নির্বাচনী উপকরণ নিয়ে কেন্দ্র থেকে বের হয়ে যায় পুলিশ। পুলিশ চলে যাওয়ার পর শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে কর্মকর্তাদের ওপর হামলা চালাতে উদ্যত হয়। কর্মকর্তারা নিজেদের বাঁচাতে কেন্দ্রের একটি কক্ষে দরজা বন্ধ করে অবস্থান নেন।পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত একটায় অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করেন। তবে কোনো প্রার্থী ওই হামলার দায় স্বীকার করছেন না। উল্লেখ্য, হাইতকান্দির একটি কেন্দ্র থেকে ব্যালট পেপার চুরি হয়ে যাওয়ায় ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে এবং হাইতকান্দি ইউপির নির্বাচনী ফলাফলও স্থগিত করা হয়েছে।