নির্বাচন কর্মকর্তাদের ওপর হামলা, ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গতকাল শনিবার ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গণনা শেষে ফেরার পথে নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে পরাজিত প্রার্থীদের লোকজন। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। সিলেটের গোলাপগঞ্জ ও মৌলভীবাজারের রাজনগর উপজেলার দুটি প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসব ঘটনায় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত হয়েছেন পাঁচজন পুলিশ সদস্যসহ ৪৫ জন। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কিশোরগঞ্জ: পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, বেলা ১১টার দিকে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আবদুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে ২০-২৫ জন লোক বুথে প্রবেশ করে ব্যালট পেপারের ছয়টি বই ও সিল নিয়ে পালিয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে একই ইউনয়নের দক্ষিণ লক্ষ্মীপুর ভাটিপাড়া ভোটকেন্দ্রে শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যালট পেপারের পাঁচটি বই ছিনতাই করে। এ সময় তাদের হামলায় পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিনসহ তিন পুলিশ সদস্য আহত হন। উভয় ঘটনায় দুই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন। মৌলভীবাজার: দুপুরের দিকে জাল ভোট দেওয়া নিয়ে রাজনগর উপজেলার মনসুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ২৪ জন। আহত ব্যক্তিরা রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বলেন, ওই দুটি কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বড় ধরনের কিছু হয়নি।শেরপুর: সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গতকাল ফলাফল ঘোষণা শেষে প্রিসাইডিং কর্মকর্তা ও অন্যরা ব্যালট বাক্স নিয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ফিরছিলেন। কিছু দূর যাওয়ার পর পরাজিত ইউপি সদস্যপ্রার্থী মো. আনছার আলীর লোকজন তাদের পথরোধ করে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাদের হামলায় শেরপুরের সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন সিকদার আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ব্যালট বাক্স ও নির্বাচন কর্মকর্তাদের উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসে। হামলার ঘটনায় জড়িত অভিযোগে ইউপি সদস্য পদপ্রার্থী আনছার আলী ও তাঁর ছেলে মো. ছায়েদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।ঝিনাইগাতী থানার ওসি আবদুর রব প্রধান বলেন, নির্বাচনী সংক্ষিপ্ত বিচার ট্রাইব্যুনালের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুদীপ্তা সরকার গ্রেপ্তার হওয়া আনছার ও তাঁর ছেলেকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। একই আদালত জাল ভোট দেওয়ার দায়ে গ্রেপ্তার হওয়া মাখন চন্দ্র বর্মণ ও জাহিদুল ইসলামকে ৫০০ টাকা করে জরিমানা করেন। জামালপুর: বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের পলাশতলা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণার পর সন্ধ্যা সাতটার দিকে পুলিশের সহায়তায় কেন্দ্র থেকে ফিরছিলেন প্রিসাইডিং কর্মকর্তা। পথে কেন্দ্রের কাছেই ইউপি সদস্য পদে পরাজিত প্রার্থী আশরাফ আলীর সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের গাড়িবহরে হামলা চালিয়ে নির্বাচনী মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পুলিশ শটগানের ১২টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ১০ জন আহত হন। বকশীগঞ্জ থানার ওসি নাছির উদ্দিন গুলি ছোড়ার সত্যতা নিশ্চিত করেছেন।সিলেট: গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শান্তিপূর্ণভাবে ভোট হয়। ভোট গণনা বিলম্ব হওয়ায় রাত সোয়া নয়টার দিকে দুই চেয়ারম্যান পদপ্রার্থী মজিরউদ্দিন চাকলাদার ও আবদুর রহিমের সমর্থকদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ কনস্টেবল তরুণ ও আনসার সদস্য রাসেল আহমদ এবং দুই পক্ষের পাঁচজন আহত হন।নরসিংদী: রায়পুরা উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে রোমান, আরেফিন ও শাহাদাৎ নামের তিনজনকে এক হাজার টাকা করে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।