নির্বাচন কর্মকর্তার ওপর হামলা, দুই প্রার্থী গ্রেপ্তার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন সার্ভার স্টেশনের কর্মচারীদের ওপর হামলা হয়েছে। দামুড়হুদা সদর ও হাউলী ইউনিয়নের তবলা প্রতীকের সাতজন প্রার্থী ও তাঁদের সহযোগীরা সোমবার দুপুরে এই হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান নয়জনের বিরুদ্ধে গত সোমবার রাতে দামুড়হুদা থানায় মামলা করেছেন। ওই রাতেই পুলিশ মামলার আসামি আহসান হাবীব ও রিকাত আলীকে গ্রেপ্তার করেছে। মামলায় দামুড়হুদা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী শফিউল আলম, ৭ নম্বর ওয়ার্ডের জালাল উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডের আহসান হাবীব, হাউলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নিজাম উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডের আসাদুজ্জামান সেলিম, ২ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম ও ৬ নম্বর ওয়ার্ডের রিকাত আলী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু ও মো. রফিককে আসামি করা হয়েছে। ওই সাতজন প্রার্থীই নির্বাচনে তবলা প্রতীক বরাদ্দ পেয়েছেন। উপজেলা নির্বাচন সার্ভার স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে দামুড়হুদা সদর ও হাউলী ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দুপুরের পর ওই দুটি ইউনিয়নের সাতটি ওয়ার্ডের সাতজন প্রার্থী সহযোগীদের নিয়ে নির্বাচন সার্ভার স্টেশনে গিয়ে তাঁদের প্রতীক পরিবর্তনের দাবি জানান। এ সময় মাহফুজুর রহমান বলেন, নতুন করে কোনো প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা নির্বাচন কর্মকর্তা, অফিস সহকারী নুরুল ইসলাম ও এমএলএসএস মাহবুবকে মারধর করেন। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশামুল হক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। প্রসঙ্গত, চুয়াডাঙ্গায় তবলা শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহূত হয়।