নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
বগুড়ার ধুনটে উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে ভোটার তালিকার ফটোকপি বিক্রি ও সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের ভোটার তালিকার সিডি না দিয়ে বিধিবহির্ভূতভাবে ফটোকপি বিতরণ করা হয়। এ বাবদ ওই কর্মকর্তা প্রার্থীদের কাছ থেকে প্রায় সাত লাখ টাকা আদায় করেন। যার মাত্র ৭৮ হাজার ৫০০ টাকা তিনি নির্বাচন কমিশনে জমা দিয়েছেন বলে জানা গেছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১২ জুন উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। বিধি অনুযায়ী প্রতিটি ইউনিয়ন পরিষদে ৫০০ টাকা করে সিডি বিক্রির নির্দেশনা ছিল। কিন্তু ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা রশিদুল হাসান প্রার্থীদের কাছে সিডি না দিয়ে অবৈধভাবে ভোটার তালিকার ফটোকপি বিক্রি করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৬৬৬ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীদের কাছে ভোটার তালিকার ফটোকপি বিক্রি করে চার হাজার টাকা, সংরক্ষিত নারী সদস্যদের কাছ থেকে এক হাজার ও সাধারণ সদস্য প্রার্থীদের কাছ থেকে ৫০০ টাকাসহ ওই কর্মকর্তা ছয় লাখ ৮৮ হাজার ৬০০ টাকা নেন। যার মাত্র ৭৮ হাজার ৫০০ টাকা জমা দিয়েছেন তিনি। বাকি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ২০ মে প্রথম আলোয় ‘ভোটার তালিকার সিডি না দিয়ে ফটোকপি বিক্রির অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।উপজেলা নির্বাচন কর্মকর্তা রশিদুল হাসান বলেন, ‘প্রার্থীদের সুবিধার জন্য ভোটার তালিকার ফটোকপি বিক্রি করেছি। সেখান থেকে যে অর্থ পাওয়া গেছে সেই অর্থ আমি ১৫৭টি সিডি বিক্রি দেখিয়ে ৭৮ হাজার ৫০০ টাকা নির্বাচন কমিশন বরাবর ধুনট সোনালী ব্যাংক শাখায় জমা দিয়েছি। কোনো টাকা আত্মসাতের চেষ্টা করছি না।’ইউপি নির্বাচনের উপজেলা সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি বলেন, ‘বিষয়টি নির্বাচন কমিশন সচিব ও জেলা প্রশাসককে জানিয়েছি।’