পৌরসভা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক অভিযোগ তদন্ত করে ওই কর্মকর্তাকে নির্বাচনী এলাকা থেকে প্রত্যাহার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইনে বলা আছে, কোনো ব্যক্তি নির্বাচন কর্মকর্তা নিযুক্ত হলে নিয়োগের দিন থেকে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত তিনি নির্বাচন কমিশনে প্রেষণে নিযুক্ত আছেন বলে বিবেচিত হবেন। কোনো কর্মকর্তা কমিশনের নির্দেশ পালনে ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হলে বা অন্য কোনো অপরাধ করলে তিনি অসদাচরণ করেছেন বলে গণ্য হবে। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা বলেছে, এ বিষয়ে অবগত করে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে।
এ ছাড়া কমিশন সচিবালয় ঋণখেলাপি-সংক্রান্ত তথ্য সরবরাহের জন্য গত রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগকে চিঠি দিয়েছে। এতে ব্যাংক কর্মকর্তাদের মনোনয়নপত্র বাছাইয়ের দিন ঋণখেলাপি-সংক্রান্ত তথ্যসমেত রিটার্নিং কর্মকর্তার দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দিতে বলা হয়েছে।