নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রার্থীদের কাছে অবৈধভাবে ভোটার তালিকা সরবরাহ করে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনসংশ্লিষ্ট উপজেলার ছয়জন রিটার্নিং কর্মকর্তা এ অভিযোগ করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ১ জুন মনিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে ৫০০ টাকার বিনিময়ে ভোটার তালিকার সিডি সরবরাহ করার কথা। কিন্তু উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রার্থীদের কাছে সিডি বিক্রি করেননি। এমনকি দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছেও বিক্রির দায়িত্ব দেওয়া হয়নি। তিনি ভোটার তালিকার ছাপানো কপি বা ফটোকপি প্রার্থীদের কাছে বিক্রি করেছেন। তিনি প্রতি সেট ভোটার তালিকার ফটোকপির জন্য চেয়ারম্যান পদপ্রার্থীর কাছ থেকে ৮-১০ হাজার টাকা, সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীর কাছ থেকে আড়াই থেকে তিন হাজার টাকা এবং সাধারণ সদস্য পদপ্রার্থীর কাছ থেকে দুই হাজার টাকা করে নিয়েছেন। উপজেলায় এবার মোট প্রার্থী ছিল ৯০০ জন। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী ৬৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী ১৬৬ জন এবং সাধারণ সদস্য পদপ্রার্থী ৫৬৮ জন। তাঁদের অনেকেই ভোটার তালিকার ছাপানো কপি বা ফটোকপি কিনেছেন।চালুয়াহাটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বজলুর রহমান বলেন, ‘আমি নির্বাচন কর্মকর্তার কাছে সিডি চাইলে তিনি তা না দিয়ে আমাকে এক সেট ভোটার তালিকা সরবরাহ করে ১০ হাজার টাকা নিয়েছেন। তবে এ জন্য তিনি আমাকে কোনো রসিদ দেননি।’ রিটার্নিং কর্মকর্তা পারভেজ মোল্লা বলেন, ‘নির্বাচন কর্মকর্তা আমাদের কাছে কোনো সিডি সরবরাহ করেননি। এ ব্যাপারে আমরা ছয়জন রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নির্বাচনের আগের দিন লিখিত অভিযোগ করেছি।’ একই কথা বলেন রিটার্নিং কর্মকর্তা পার্থপ্রতিম সাহা, নজরুল ইসলাম, মকবুল হোসেন, কামরুল ইসলাম সরদার ও আবদুল হান্নান। তাঁরা অভিযোগ করেন, নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম এ খাত থেকে ১৫ লক্ষাধিক টাকা কৌশলে হাতিয়ে নিয়েছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘সিডি না দিয়ে প্রিন্ট কপি সরবরাহ করা আমার ভুল হয়েছে। তবে এ জন্য আমি টাকা নেইনি। অবিক্রিত সিডিগুলো আমি জেলা নির্বাচন কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি।’জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি। দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেব।’ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রধান সমন্বয়কারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘তাঁর বিরুদ্ধে এন্তার অভিযোগ আসছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’