নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে 'যৌন হয়রানির' মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়েছে। কিন্তু নজরুলের দাবি, তিনি বাদী হয়ে করা এক মামলায় ওই ছাত্রীর চাচাতো ভাই আসামি। সেই জেরে মিথ্যাভাবে তাঁর নামে মামলা দেওয়া হয়েছে।

মামলার এজাহারে থেকে জানা যায়, গত ৩০ আগস্ট বিকেল পাঁচটায় ওই কলেজছাত্রী জাতীয় ভোটার তালিকায় ছবিসহ নাম নিবন্ধন করার জন্য দৌলতপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে যান। এ সময় সেখানকার নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম তাঁকে কুপ্রস্তাব দেন এবং চিরকুটে তাঁর মুঠোফোন নম্বর লিখে গভীর রাতে ফোন দিতে বলেন। এরপর ওই কলেজছাত্রী বাসায় ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মেয়েকে যৌন হয়রানি করা হয়েছে—এমন অভিযোগ এনে গতকাল সোমবার রাতে এক অভিভাবক নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে একমাত্র আসামি করা হয়েছে। তাঁকে ধরতে অভিযান চলছে।
মামলার ব্যাপারে জানতে চাইলে দৌলতপুর নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘ঘটনার দিন ওই মেয়েটি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে এসেছিলেন। কিন্তু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারায় রাতে ওই মেয়েটির সঙ্গে থাকা লোকজন নির্বাচন কার্যালয়ে হামলা চালায়। এই ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি মামলা করা হয়। ওই মামলায় যৌন হয়রানির শিকার হওয়া দাবিকারী কলেজছাত্রীর চাচাতো ভাই আসামি।’
নজরুলের দাবি, ওই মামলার জের ধরেই তাঁর (নজরুল) বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগে মামলা করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বলেন, ‘মামলা হয়েছে শুনেছি। বিষয়টি মন্ত্রণালয় দেখবে।’
গত ৩০ আগস্ট রোববার রাত আটটার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে হালনাগাদ ভোটার তালিকায় অবৈধভাবে নাম অন্তর্ভুক্ত করতে রাজি না হওয়ায় উপজেলা নির্বাচন কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় নির্বাচন কর্মকর্তাসহ কার্যালয়ে কর্মরত কয়েকজন মারধরের শিকার হন। ওই ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ও আরও অজ্ঞাত চারজনকে আসামি করে নজরুল ইসলাম মামলা করেন।