প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনকালীন সংবিধানে যে আইন থাকবে, তা-ই মেনে নির্বাচন করা হবে। আগামী জাতীয় নির্বাচন কার অধীনে হবে, রাজনৈতিক দলগুলোই তা নির্ধারণ করবে। গত বৃহস্পতিবার সিলেটে ইউনিয়ন পরিষদ নির্বাচনোত্তর মূল্যায়ন ও পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনাবিষয়ক এক কর্মশালা শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে দিনব্যাপী কর্মশালায় সিলেটের সব ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও স্থানীয় নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন। নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ সাদিক, অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া, জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল ও পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বিশেষ অতিথির বক্তব্য দেন।কর্মশালায় নির্বাচন কমিশনের উপসচিব (সাধারণ) আবুল কাশেম, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এস এম এজহারুল হক ও জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বিষয়ভিত্তিক বক্তব্য দেন। সকালে কর্মশালার সূচনাপর্বে বক্তৃতায় সিইসি বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। বাংলাদেশে একটি স্বচ্ছ ভোটার তালিকা বিদেশিদের কাছে প্রশংসিত হয়েছে। ছবিযুক্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে গেছে। এ ধারা অব্যাহত রাখতে সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন থাকতে হবে।বিকেলে কর্মশালার সমাপনীপর্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে জানিয়ে সিইসি বলেন, ‘ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। রাজনীতিতে বিভিন্ন দলের বিভিন্ন মত থাকতে পারে। তবে এই প্রথম সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হওয়ায় আমাদের দায়িত্ব বেড়ে গেছে। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে অচিরেই নির্বাচনের পরিবেশ তৈরি করা হবে।’ দেশের রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাবে বলেও আশা করেন সিইসি। কর্মশালা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাজই হচ্ছে নির্বাচন করা। আগামী নির্বাচন দলীয় সরকার, না অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে—এ নিয়ে আমাদের ভাবনা নয়। যে পদ্ধতিতেই নির্বাচন হোক, আমাদের কাজ একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া।’