নির্বাচন কার্যালয় অভিমুখে বিএনপির পদযাত্রা, কয়েক স্থানে বাধা
বিএনপির নেতা-কর্মীরা গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে জেলা নির্বাচন কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচন বাতিল ও প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) তিনজন নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। নোয়াখালী, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, বরগুনা, খুলনা ও ময়মনসিংহে পুলিশ এ কর্মসূচিতে বাধা দেয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর;নোয়াখালী: বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিশাল মিছিল শহরের প্রধান সড়ক হয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের দিকে রওনা দিলে পুলিশ বাধা দেয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সভাপতিত্বে সভা হয়। এতে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক প্রমুখ বক্তব্য দেন।গোয়ালন্দ (রাজবাড়ী): বেলা ১১টায় দলীয় কার্যালয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আসা নেতা-কর্মীরা সমবেত হন। পরে তাঁরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন। এতে জেলা বিএনপির আহ্বায়ক নঈম আনসারী সভাপতিত্ব করেন। এতে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সাংসদ মো. নাসিরুল হক, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি এ বি এম মঞ্জুরুল আলম, আফসার আলী সরদার প্রমুখ বক্তব্য দেন। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। খুলনা: মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বের করা মিছিলটি জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রায় এক কিলোমিটার দূরে নগরের ফেরিঘাট মোড়ে আটকে দেয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনের সড়কে মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নেতারা বক্তব্য দেন। চুয়াডাঙ্গা: বেলা সাড়ে ১০টায় জেলা বিএনপির সভাপতি অহিদুল ইসলামের বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয় থেকে জেলা নির্বাচন কার্যালয়ে রওনা দেয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। বরগুনা: বেলা ১০টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে গেলে পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের কার্যালয়ে যেতে বাধা দেয়। পরে এ কার্যালয়ের মূল ফটকের সামনে হাবিবুর রহমান, শফিকুজ্জামান মাহফুজ প্রমুখ বক্তব্য দেন।ফরিদপুর: বেলা ১১টার দিকে শহর বিএনপির উদ্যোগে একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত জেলা নির্বাচন কার্যালয়ে যায়। পরে ওই কার্যালয়ের সামনে শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর মিয়ার সভাপতিত্বে সমাবেশ হয়। ময়মনসিংহ: দুপুরে শহরের নতুন বাজার মোড়ের বিএনপির কার্যালয় থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করে জেলা নির্বাচন কার্যালয়ের দিকে যাত্রা করে। পৌরসভা কার্যালয়ের কাছে গেলে পুলিশ মিছিলে বাধা দেয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়। সুনামগঞ্জ: বেলা ১১টায় শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিএনপির মিছিল জেলা নির্বাচন কার্যালয় অভিমুখে যাত্রা করে। পরে মিছিলে অংশগ্রহণকারীরা ওই কার্যালয়ের সামনে এক ঘণ্টা অবস্থান করে ঘেরাও কর্মসূচি পালন করেন। কিশোরগঞ্জ: বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির একটি অংশ স্থানীয় ইসলামিয়া মার্কেট প্রাঙ্গণ থেকে এক বিশাল মিছিল নিয়ে জেলা নির্বাচন কার্যালয় অভিমুখে যাত্রা করে। জেলা বিএনপির অপর অংশের নেতা-কর্মীরা শহরের কাছারি বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন কার্যালয় অভিমুখে যাত্রা করে।