নির্বাচন কার্যালয়ে জ্বালাও-পোড়াও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচির ঘোষণার পর সোমবার রাত থেকে বগুড়া শহরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। জেলার সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে গতকাল মঙ্গলবার ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে নির্বাচন-সংক্রান্ত কাগজপত্র পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
এ ছাড়া দেশের রাজশাহী, পাবনা, জয়পুরহাটে বিরোধী দলের নেতা-কর্মীরা সড়ক-মহাসড়কে গাছের গুঁড়ি ও ইট ফেলে অবরোধ এবং গাড়ি ভাঙচুর করেছেন। বেশ কিছু স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: গতকাল সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল থেকে সদর উপজেলার মহাস্থান পর্যন্ত বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে এবং টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখা হয়। ১৮ দলের শীর্ষ নেতাদের তৎপরতা চোখে না পড়লেও বিভিন্ন স্থানে সোমবার রাত থেকে চোরাগোপ্তা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ ১৮ জনকে আটক করেছে। মূলত সোমবার রাত থেকে বগুড়া শহরের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
গতকাল দুপুর পৌনে ১২টার দিকে বগুড়া সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে নির্বাচন কার্যালয়ে হামলা চালানো হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বলেন, কার্যালয়ের কম্পিউটার অপারেটর সুলতান মাহমুদকে নিয়ে তিনি তাঁর কক্ষে পোলিং কর্মকর্তাদের তালিকা তৈরি করছিলেন। তখন কার্যালয়ের বাইরে বিকট শব্দে চার-পাঁচটি ককটেল বিস্ফোরিত হয় এবং মুখোশধারী কয়েকজন ব্যক্তি জানালা দিয়ে কক্ষের ভেতর পেট্রল ছিটিয়ে দেয়। পাঁচজন কক্ষের ভেতরে ঢুকে সুলতানকে মারধর করে নির্বাচন কমিশনের ল্যাপটপ কেড়ে নেয়। এরপর তারা কক্ষের ভেতর এবং বারান্দায় অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়।
ধুনট (বগুড়া): সোমবার রাতে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত পৌনে ১০টার দিকে ধুনট-সোনাহাটা সড়কের সরুগ্রাম এলাকায় অবরোধকারীরা আরএফএল কোম্পানির একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাত ১১টার দিকে ধুনট শহরে একটি হোটেলের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। গতকাল সকাল ছয়টা থেকে বিরোধীদলীয় জোটের নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন সড়কের ১৩টি স্থানে অবস্থান নেন এবং গাছের গুঁড়ি ফেলে সড়ক যোগাযোগ বন্ধ করে দেন।
শেরপুর (বগুড়া): সোমবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার চারটি স্থানে ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়। হামছায়াপুর এলাকায় নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ আবদুল মালেকের গাড়ি ভাঙচুরের শিকার হয়। সোমবার রাতে ঢাকায় ফিরছিলেন সাংসদ আবদুল মালেক। হামছায়াপুর এলাকায় পৌঁছালে অবরোধের সমর্থকেরা হামলা চালিয়ে তাঁর গাড়ির কাচ ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে। ঘটনার সময় সাংসদ গাড়িতে ছিলেন না। এদিকে উপজেলার দশমাইল এলাকায় গাড়িতে ভাঙচুর চালানোর সময় বিরোধী দলের নেতা-কর্মীদের লক্ষ্য করে পুলিশ ২৫টি রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আয়নাল হক (৩০) নামের এক ব্যক্তি আহত হন। পরে পুলিশ তাঁকে আটক করে।
পাবনা: সোমবার রাত থেকেই বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও ইট ফেলে অবরোধ সৃষ্টি করেন ১৮ দলের নেতা-কর্মীরা। নির্বাচনের তফসিল ঘোষণার পর রাত নয়টার দিকে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। ইন্দিরা মোড়ে পুলিশ মিছিলটিতে বাধা দিলে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে ফাঁকা গুলি ছুড়ে ও লাঠিপেটা করে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। গতকাল সকালে যানবাহন চলাচলের চেষ্টা করলে অবরোধকারীরা পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর ও মধুপুর এলাকায় ১২টি গাড়ি ভাঙচুর করে। জেলা সদর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।
জয়পুরহাট: পাঁচবিবি উপজেলায় অবরোধকারীরা পৌর যুবলীগের সদস্য মামুন খন্দকারকে পিটিয়ে আহত করেছেন। মামুনের মা রওশানারা বলেন, ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে করে যাওয়ার পথে কড়িয়া-পাঁচবিবি সড়কের বড় মানিক সেতুর কাছে পৌঁছালে অবরোধকারীরা মামুনকে লাঠিপেটা করে। মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান মামুন। পরে তাঁকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক সদর হাসাপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী: সোমবার রাত সোয়া আটটার দিকে তফসিল ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করে নগরের ভুবন মোহন পার্ক থেকে বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছার পর নেতা-কর্মীরা ফাঁড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন ও ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ওই দিন মধ্যরাতে বোয়ালিয়া থানায় পুলিশ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ বিএনপির আড়াই শ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে।
নাটোর: বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম বাইপাস মোড়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।