নির্বাচন কার্যালয়ে, পুলিশের গাড়িতে বোমা নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের ছয় জেলায় গতকাল রোববার ১৮ দলের অবরোধের সময় কমপক্ষে নয়টি যানবাহন ভাঙচুর, তিনটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। মেহেরপুরের গাংনীতে নির্বাচন কার্যালয়ে বোমা হামলা ও ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: ১৮ দলের নেতা-কর্মীরা গতকাল সকালে শহরের অদূরে কদমতলা এলাকায় সাতক্ষীরা-যশোর সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এদিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বাঁকাল, কুলিয়া ও কাছারিপাড়া, সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর এবং তালা-পাটকেলঘাটা সড়কের সুজনশাহসহ বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে অবরোধ করা হয়।
বরিশাল: শনিবার বরিশাল-ঝালকাঠি সড়কের রূপাতলী এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেন অবরোধকারীরা। রাত সাড়ে নয়টায় রূপাতলী অ্যাংকর সিমেন্ট কারখানার সামনে ওই প্রতিষ্ঠানের একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। গতকাল রাতে নগরের বান্দ রোডে একটি ইজিবাইকে আগুন দেয়া হয়।
মেহেরপুর: গাংনীতে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে অনেকগুলো ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ ও বিজিবি সদস্যরা অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে চাইলে, তারা পুলিশ-বিজিবিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। নয়টার দিকে অবরোধকারীরা গাংনী উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা নির্বাচন কার্যালয়ে বোমা হামলা ও ভাঙচুর চালান এবং আওয়ামী লীগের নেতা মজিরুল ইসলামের বাড়িতে বোমার বিস্ফোরণ ঘটান। ছবি তুলতে গিয়ে আবু আক্তার ও জুলফিকার আলী নামের দুই সাংবাদিক আহত হন।
ঝিনাইদহ: বিএনপির নেতা-কর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে শহরের রাবেয়া হাসপাতালের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন। পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করার জন্য গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের এসআই মিলন মৈত্রসহ তিন পুলিশ সদস্য ও সাত বিএনপির কর্মী আহত হন।
খুলনা: গতকাল সকাল সাতটার দিকে নগরের মডার্ন ফার্নিচার মোড়ে শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান এবং তিনটি ইজিবাইক ভাঙচুর করেন।
ফরিদপুর: বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন জানান, শনিবার রাত তিনটার দিকে চালিনগর গ্রাম থেকে শিবিরের কর্মী মো. হাবিবকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁকে নিয়ে আসার সময় পুলিশের ব্যবহূত একটি মাইক্রোবাসের ওপর একটি পেট্রলবোমা ছোড়া হয়। এতে গাড়িটির আংশিক ক্ষতি হয়।