নির্বাচন কীভাবে হয়েছে সবাই জানে: এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘কীভাবে নির্বাচন হয়েছে, তা সবাই জানেন। এ বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘আজ হোক কাল হোক দেশে নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। দলকে শক্তিশালী করে গড়ে তুলতে কাজ শুরু করেছি।’ তিনি আরও বলেন, ‘আমি ক্ষমতা ছেড়েছি ১৯৯০ সালে। ক্ষমতা ছাড়ার পর থেকে আমার বিরুদ্ধে ৭৪টি মামলা হয়েছে। মামলার হাত থেকে আমি এখনো মুক্তি পাইনি।’ জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘বহুদিন পর রংপুরে এলাম। নানা ঘটনা ঘটেছে দেশে। শেষ বয়সে ইচ্ছা ছিল রংপুরের এমপি হব। এমপিও হয়েছি। আমি জাতীয় পার্টিকে শক্তিশালী করতে চাই। নানা বিরোধের কারণে আমরা এই এলাকার আসনগুলো হারিয়ে ফেলেছি।’