নির্বাচন গ্রহণযোগ্য করতে নেতা-কর্মীদের 'মুক্ত' করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, সিটি নির্বাচনে বিএনপির যেসব নেতা সম্ভাব্য প্রার্থী, তাঁরা বিভিন্ন মামলার কারণে আত্মগোপনে আছেন, অনেকে কারাগারে। সরকার সত্যিকারভাবে নির্বাচন গ্রহণযোগ্য করতে চাইলে তাঁদের ‘মুক্ত’ করতে হবে। মিছিল-সমাবেশ করতে দিতে হবে।
এদিকে যেসব সম্ভাব্য প্রার্থী ও ভোটার ৫৪ ধারায় গ্রেপ্তার আছেন, সিটি নির্বাচন সামনে রেখে তাঁদের জামিনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি-সমর্থিত বিশিষ্ট নাগরিকদের সংগঠন শত নাগরিকের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। সবাই যাতে ইচ্ছামতো ভোট দিতে পারেন এবং প্রার্থীরা যাতে ভোট চাইতে পারেন, সে ব্যবস্থা করারও দাবি জানান তিনি।
জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার এক আলোচনা সভায় মাহবুবুর রহমান ও এমাজউদ্দীন আহমদ এসব দাবি জানান। বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্ট ‘মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রের সংকট উত্তরণের উপায়’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।
নেতা-কর্মীদের ‘মুক্ত’ করার ব্যাখ্যা জানতে চাইলে মাহবুবুর রহমান পরে প্রথম আলোকে বলেন, যাঁদের নামে মামলা আছে, তাঁদের জামিনের ব্যবস্থা করতে হবে।
আলোচনা সভায় এমাজউদ্দীন বলেন, একটি অস্বাভাবিক অবস্থায় সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। বিভিন্ন পর্যায়ের অনেক প্রার্থী আত্মগোপনে আছেন, অনেকে কারাগারে। নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, সাজাপ্রাপ্ত বা অভিযোগপত্রভুক্ত আসামিরা বাদে ৫৪ ধারায় ‘বহু হাজার’ নেতা-কর্মী জেলে আছেন। নির্বাচন সঠিক করতে হলে তাঁদের জামিনের সুযোগ করে দিতে হবে। জামিন নিয়ে বের হয়ে এসে যেন তাঁরা ভোট দিতে পারেন। এটা তাঁদের অধিকার। সাজাপ্রাপ্ত বা অভিযোগপত্রভুক্তদের বিষয়ে তিনি কিছু বলছেন না।