নির্বাচন ঘিরে কুষ্টিয়ায় আ.লীগে ঐক্য
পৌরসভা নির্বাচনে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি আনোয়ার আলী সদরে দলীয় মনোনয়ন পেয়েছেন।
আনোয়ার মনোনয়ন পাওয়ার পর থেকে জেলা আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধ আপাতত নিরসন হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে আনোয়ারের দলীয় মনোনয়নের চিঠিসহ মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন আওয়ামী লীগের স্থানীয় আরেক পক্ষের শীর্ষ নেতারা; যাঁরা কদিন আগেও বিপক্ষে কথা বলছিলেন। এখন সেই নেতারা নির্বাচন নিয়ে দফায় দফায় সভা করছেন। কষছেন নির্বাচনী ছক। আনোয়ারের মনোনয়নের পর বিভক্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরা এক ছাতার নিচে চলে এসেছেন।
নেতাদের একসঙ্গে দেখে কর্মীরাও একদিকে বিস্মিত, অন্যদিকে আনন্দিত। এতে কর্মীরাও চাঙা হয়ে উঠছেন।
জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন পাওয়ার পর আনোয়ার জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও আরেক মনোনয়নপ্রত্যাশী দলের জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল ইসলামের সঙ্গে কথা বলেন। কীভাবে নির্বাচন পরিচালনা করা যায় সেসব ব্যাপারে শলাপরামর্শ করছেন। দলের নেতারাও আনোয়ারকে জয়ী করানোর জন্য মাঠে নামার আভাস দিচ্ছেন। তাঁদের বিশ্বাস, আনোয়ারের নির্বাচনের মধ্য দিয়ে দলের বিরোধ মিটে যাবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আজগর আলী বলেন, দল থেকে আনোয়ার মনোনয়ন পেয়েছেন। বিরোধ ভুলে তাঁর নেতৃত্বে মডেল পৌরসভা গড়া হবে।
সদর উদ্দিন খান বলেন, আনোয়ার ১০ বছর পৌরসভার উন্নয়ন করেছেন, তাঁর ভিত্তিতে তিনি জয়ী হবেন।
জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বলেন, সব ভেদাভেদ ভুলে আনোয়ারের জন্য কাজ করতে হবে। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, দলে বিভেদ নেই। ইতিমধ্যে নেতা-কর্মীরা আনোয়ারের পক্ষে কাজ করতে মাঠে নেমেছেন।