খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচন ঘিরে সক্রিয় হয়ে উঠেছেন দলীয় নেতা-কর্মীরা। জেলা ও উপজেলার বিভিন্ন দলের নেতা-কর্মীরা নিজ নিজ দলের সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারে নেমেছেন। ফলে ঝিমিয়ে পড়া স্থানীয় নেতা-কর্মীদের মাঝে চাঞ্চল্য ফিরে এসেছে।
আজ সোমবার রাত ১২টার পর শেষ হচ্ছে প্রচারণা। এ কারণে নেতা-কর্মীরা সর্বাত্মক প্রচারে নেমেছেন। নিজ সমর্থকদের এই উদ্দীপনায় খুশি প্রার্থীরা।
পাইকগাছা পৌরসভাটি দ্বিতীয় শ্রেণির। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত পৌরসভাটিতে ভোটার ১২ হাজার ৬৮৫ জন।
পাইকগাছা নির্বাচন অফিস ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পৌরসভায় মেয়র পদে মোট তিনজন প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র সেলিম জাহাঙ্গীর। বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন জি এম আবদুস সাত্তার। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারকেলগাছ প্রতীক নিয়ে দাঁড়ানো আবদুল মজিদ গাজীর প্রতি সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামী।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শেখ কামরুল হাসান এবং জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক শেখ আনিসুর রহমানও দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু তাঁরা দলীয় সমর্থনের পক্ষে কাগজপত্র দাখিল করতে না পারায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এই দুই নেতা এখন দলীয় প্রার্থী সেলিম জাহাঙ্গীরের পক্ষে কাজ করছেন।
এ ব্যাপারে শেখ আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দল যাঁকে সমর্থন দিয়েছে, আমরা তাঁর পক্ষেই কাজ করব। আমাদের এখন প্রধান লক্ষ্য দলীয় প্রার্থীকে বিজয়ী করা।’ একই কথা কামরুল হাসানের। তিনি বলেন, সেলিম জাহাঙ্গীরকে বিজয়ী করা এখন তাঁদের কর্তব্য।
খুলনার দুটি পৌরসভার নির্বাচনের জন্য দুটি কমিটি করেছে জেলা আওয়ামী লীগ। এ দুটি কমিটির সমন্বয় করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। আর পাইকগাছা নির্বাচনী সমন্বয় কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী মোহাম্মদ আলী।
গাজী মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাত সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিতে এলাকার আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে রাখা হয়েছে। তাঁরা সবাই দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। অন্যান্য ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসে প্রচারণায় যোগ দিচ্ছেন।
পৌর নির্বাচনী এলাকায় বিএনপির পক্ষ থেকে খুলনায় একটি সমন্বয় কমিটি করা হয়েছে। এটির প্রধান করা হয়েছে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলামকে। আর সদস্য সম্পাদক হিসেবে আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম। এ ছাড়া খুলনার চালনা ও পাইকগাছা পৌর এলাকার জন্য আটটি উপকমিটি করা হয়েছে। পাইকগাছা সমন্বয় কমিটির দায়িত্বে আছেন জেলা বিএনপির উপদেষ্টা জি এ সবুর।
জি এ সবুর প্রথম আলোকে বলেন, নির্বাচনকে ঘিরে জেলা বিএনপির পক্ষ থেকে পাইকগাছা উপজেলার জন্য দুটি সমন্বয় কমিটি করা হয়েছে। একটি উপজেলার নেতা-কর্মীদের নিয়ে, অন্যটি জেলার নেতা-কর্মীদের নিয়ে। জেলার নেতা-কর্মীরা নিয়মিত যাতায়াত ও প্রচারণায় অংশ নিচ্ছেন। পাশাপাশি তাঁরা সব ধরনের পরামর্শ অব্যাহত রেখেছেন। নেতা-কর্মীদের উৎসাহ পেয়ে ঝিমিয়ে পড়া তৃণমূল পর্যায়ের নেতারাও নির্বাচনের জন্য কাজ করছেন।
জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন দলের সব নেতা-কর্মী। পাইকগাছা এলাকায় নির্দিষ্ট কোনো নির্বাচন কমিটি করা না হলেও জামায়াতের প্রত্যেক কর্মী কাজ করছেন বলে জানিয়েছেন আবদুল মজিদ গাজী।
আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সেলিম জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, দলের সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের জন্য কাজ করছেন। তৃণমূল পর্যায়ের নেতারাও প্রচারণায় উৎসাহ নিয়ে কাজ করছেন।
বিএনপি-সমর্থিত প্রার্থী জি এম আবদুস সাত্তার বলেন, জেলার নেতা-কর্মীরা তৃণমূলের নেতা-কর্মীদের উজ্জীবিত করছেন। ফলে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা এসে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।